সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখতে ভারতের বিপক্ষে আজ জয়ের বিকল্প নেই বাংলাদেশের। এখন পর্যন্ত বিশ্বকাপে কোনো ম্যাচ হারেনি ভারত। বাংলাদেশের বিপক্ষে তাই মাঠে নামার আগে বেশ আত্মবিশ্বাসী ভারত। তাছাড়া বাংলাদেশ সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে পিছিয়ে আছে মানসিকভাবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দলের পরিসংখ্যানে এগিয়ে ভারতই।
যদিও এমন ম্যাচে ম্যাচের আগে বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ মনে করছেন না ভারতের কিংবদন্তী পেস বোলার জহির খান।
ক্রিকবাজের টক শোতে বাংলাদেশকে ভারতের জন্য কঠিন প্রতিপক্ষ বলে মন্তব্য করেছেন ভারতের বিশ্বকাজয়ী এই পেসার। বাংলাদেশকে ভালো করতে হলে জ্বলে উঠতে হবে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানকে এমন মন্তব্য করেছেন তিনি।
বাংলাদেশকে সহজ প্রতিপক্ষ না মেনে জহির খান বলেন, ‘ভারতের জন্য প্রক্রিয়াগুলো ঠিকঠাকভাবে অনুসরণ করা জরুরি। যে কাজগুলো ভালোভাবে করে আসছে, সেগুলোকে আরও ভালো করতে হবে। ভালো ক্রিকেট খেলেই সামনে এগিয়ে যেতে হবে। বাংলাদেশের বিপক্ষে ম্যাচ কখনো সহজ হয় না। কারণ, সব সময় সতর্ক থাকতে হয়। কোনো একটি পর্যায়ে আপনি পেছন পড়ে যেতে পারেন না। কিংবা কোনো একটা ধাপে বাজে করা যাবে না যেন বাংলাদেশ সুযোগ পেয়ে যায়। বাংলাদেশ দলের মধ্যে এই আত্মবিশ্বাস ফেরানো যাবে না যে এই ম্যাচ তারাও জিততে পারে।’
ভালো করতে হলে বাংলাদেশকে শুরু থেকেই আত্মবিশ্বাসী হতে হবে এমনটা উল্লেখ করে জহির বলেন, ‘বড় দলের বিপক্ষে যখন আপনি খেলবেন, তখন আপনাকে আত্মবিশ্বাস নিয়েই লড়াই করতে হবে। আপনাকে এটা বিশ্বাস করতে হবে যে দিনটা আপনার হলে এবং আপনি যদি সুযোগ পান, তবে অবশ্যই ভালো কিছু করতে পারেন। আমার মনে হয় বাংলাদেশও সেভাবেই ভাবছে।’
বাংলাদেশের সাকিব আল হাসান নিয়মিত খেলেছেন ভারতের প্রিমিয়ার লিগ আইপিএলে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সফল ক্রিকেটারও ইনি। জেতা ম্যাচে তার প্রভাব অন্যরকম। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশকে ভালো করতে হলে ব্যাটিংয়ে সাকিবকে ভালো করতে হবে বলে মনে করেন জহির, ‘সাকিবের ভালো ছন্দে থাকা জরুরি। তাকে রান করতে হবে। কারণ, আমরা দেখেছি, বাংলাদেশ যখনই ভালো করে, তার সঙ্গে সাকিবের কোনো না কোনো সংযুক্তি থাকেই। লম্বা সময় ধরে এটা আমরা দেখে আসছি। বাংলাদেশের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এ ছাড়া মাহমুদউল্লাহকেও ভালো ছন্দে দেখা যাচ্ছে। তাওহিদ হৃদয়ের ওপরও দায়িত্ব থাকবে ভালো করার। ভালো শুরু এনে দেওয়াও লিটন দাসের দায়িত্ব।’
বাংলাদেশের বোলিং ইউনিট বেশ দারুণ ফর্মে আছে। সেই ধারাটা বজায় রাখতে হবে তাসকিন-তানজিমদের। তবে জহিরের মতে ভারতের মতো দলকে হারাতে হলে সামনে থেকে বল হাতে নেতৃত্ব দিতে হবে মোস্তাফিজকে, ‘বোলিংয়ের দিক থেকে বাংলাদেশকে বেশ ভালো দল বলেই মনে হয়। বোলাররা খুব ধারাবাহিক। মোস্তাফিজুর রহমানকে তার ছন্দ ধরে রাখতে হবে। বল হাতে নেতৃত্ব দিতে তাকেই দিতে হবে।’