২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তান। যেখানে ভারতের যাওয়া না যাওয়া নিয়ে তৈরি হয়েছে সংশয়। ইতোমধ্যেই বিসিসিআই পাকিস্তান যেতে অস্বীকৃতি জানিয়েছে এই মর্মে একটি খবরও প্রচার হয়েছে। এবার ভারতের না যাওয়ার ব্যাপারে পাকিস্তানের একটি টিভি চ্যানেলে ন কথা বলেছেন ভারতের বিশ্বকাপজয়ী সাবেক স্পিনার হরভজন সিং।
তিনি বলেছেন, ‘আমরা যাবো না, খেলার হলে খেলো।’
আগামী বছর পাকিস্তানের মাটিতে হতে যাওয়া এই চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে পাকিস্তানের মাটিতে আইসিসির কোনো টুর্নামেন্ট ফিরছে ২৯ বছর পর। সবশেষ ১৯৯৬ বিশ্বকাপের সহ-আয়োজক ছিল পাকিস্তান।
পাকিস্তানের টিভি চ্যানেলে সাক্ষাৎকারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের যাওয়া নিয়ে হরভজন প্রশ্ন তোলেন নিরাপত্তা নিয়ে। তিনি বলেন খেলোয়াড়রা নিরাপদ নয় এমন দাবি তুলে বলেন, ‘যদি আমাদের খেলোয়াড়রা নিরাপদ না হয়, আমরা দল পাঠাবো ন। তোমরা খেলতে চাইলে খেলো, আর না চাইলে খেলো না। ভারতের ক্রিকেট পাকিস্তানকে ছাড়া টিকে থাকতে পারবে।’
৮ বছর পর ফিরতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। সবশেষ ইংল্যান্ডের মাটিতে হওয়া ২০১৭ সালের আসরে ভারতকে ১৮০ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শিরোপা ঘরে তুলেছিল পাকিস্তান।
সবশেষ এশিয়া কাপের আয়োজকও ছিল ভারত। কিন্তু, ভারত পাকিস্তানে খেলতে আপত্তি জানানোয় তা আয়োজন করা হয়েছিল হাইব্রিড পদ্ধতিতে। ভারত তাদের সবগুলো ম্যাচ খেলেছিল শ্রীলঙ্কায়। ফাইনালে ওঠায় সেই ম্যাচটিও হয়েছিল সেখানে।
ভারতকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে রাজি করানোর জন্য তাদের সবগুলো ম্যাচ লাহোরে আয়োজনের প্রস্তাব করে খসড়া সূচিও আইসিসির কাছে জমা দিয়েছে পিসিবি।
যদিও দিনকয়েক আগে বার্তাসংস্থা এএনআইয়ের প্রতিবেদন অনুযায়ী পাকিস্তানের মাটিতে খেলতে অস্বীকৃতি জানিয়ে শ্রীলঙ্কা কিংবা দুবাইতে ভারতের ম্যাচগুলো হওয়ার দাবি জানিয়েছে আইসিসির কাছে বিসিসিআই।
এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও দেখার অপেক্ষা সবাই ভারত শেষ পর্যন্ত পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে যায় কিনা, নাকি এশিয়া কাপের মতো হাইব্রিড পদ্ধতিতে আয়োজন করতে হবে চ্যাম্পিয়ন্স ট্রফিও।