পেরুর বিপক্ষে বছরের শেষ ম্যাচে প্রথমার্ধে আর্জেন্টিনা ভীতি ছড়ালেও পায়নি গোলের দেখা। পেরুর গোলমুখে শট নিতে পেরেছে মোটে একটা। গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিট পর্যন্ত। মেসির অ্যাসিস্টে জাল খুঁজে নেন লাউতারো মার্টিনেজ। ওই গোলেই ১-০ ব্যবধানে জিতে মাঠে ছেড়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
বুধবার (২০ নভেম্বর) ভোরে এল বোম্বাম্বেরা স্টেডিয়ামে আর্জেন্টিনা শুরুটা মনের মতো হয়নি। চোটে জর্জরিত দলটা মাঠের ফুটবলেও পিছিয়ে ছিল কিছুটা।
প্রথমার্ধের ২২ মিনিটে লাউতারো মার্টিনেজের সঙ্গে দারুণ বোঝাপড়ায় বক্সে বল পেয়ে যান হুলিয়ান আলভারেজ। তার নেওয়া শট দুর্ভাগ্যজনকভাবে ফিরে আসে বারে লেগে। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন তিনি। প্রথমার্ধে সুযোগ বলতে এই একটাই ছিল আর্জেন্টিনার।
প্রথম ৪৫ মিনিত ৭৬ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও গোলের দেখা পাওয়া সম্ভব হয়নি আলবিসেলেস্তেদের। বছরের শেষ ম্যাচে মাঠে নামতে উন্মুখ হয়ে থাকা মেসির জাদু দেখার অপেক্ষায় সমর্থকরা।
অবশেষে দ্বিতীয়ার্ধের ৫৫ মিনিটে কাটে সেই খরা। ডি-বক্সের ভেতর বল পেয়ে দারুণ এক চিপ করেন লিওনেল মেসি। ইনফর্ম স্ট্রাইকার লাউতারো মার্টিনেজ শূন্যে ভেসে করলেন দুর্দান্ত এক গোল।
এই গোলে ডেডলক ভাঙে আর্জেন্টিনা। এক গোলেই নিশ্চিত হয়ে যায় জয়। বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে জয় পেল আর্জেন্টিনা।
২০২৬ বিশ্বকাপের দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে এখন পর্যন্ত ১২ ম্যাচে ৮ জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল আর্জেন্টিনা।