জাতীয় দল হোক আর বয়সভিত্তিক, সব জায়গাতেই দাপট দেখিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। বিশেষ করে ব্রাজিল তো পাত্তাই পাচ্ছে না আর্জেন্টিনার সামনে। অনূর্ধ্ব-২০ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের জালে ৬ গোল দিয়ে তাদের বিধ্বস্ত করেছে আর্জেন্টিনা। ব্রাজিলের ফুটবল ইতিহাসে আর্জেন্টিনার বিপক্ষে ৬-০ গোলের এই পরাজয় সবচেয়ে বড়।
‘নতুন মেসি’ হিসেবে স্বীকৃতি পাওয়া ক্লদিও এচেভেরি এই জয়ে বড় ভূমিকা রেখেছেন। তার পা থেকে এসেছে জ়োড়া গোল। চলতি মাসেই ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার কথা রয়েছে তার।
অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গেল ৭১ বছরের ইতিহাসে পূর্বে কখনোই ৩ গোলের ব্যবধানে হারেনি ব্রাজিল। তবে এবার আর্জেন্টিনার কাছে হেরে আগের ইতিহাস বদলে গেছে। তবনে এমন বড় জয় এই টুর্নামেন্টে সবশেষ দেখা গিয়েছিল ২০১৩ সালে। যখন বলিভিয়াকে একই ব্যবহধানে হারিয়েছিল কলম্বিয়া।
ভেনেজুয়েলার ভ্যালেন্সিয়ায় অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। ইয়ান সুবিয়াব্রে ম্যাচের ৬ মিনিটেই গোল করে এগিয়ে নেন আর্জেন্টিনাকে।
এর ঠিক দুই মিনিট পরই ক্লদিও এচেভরি ব্যবধান বাড়ান। ম্যাচের ১১ মিনিটে নিজেদের পায়ে নিজেরাই কুড়াল মারে ব্রাজিল। ম্যাচের ১১ মিনিটে ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইগর সেররোর আত্মঘাতী গোলে আর্জেন্টিনার স্কোর ৩-০ হয়। প্রথমার্ধে এরপর আরকোনো গোল হয়নি।
দ্বিতীয়ার্ধের খেলায় ম্যাচের ৫২ মিনিটে আগুস্তিন রুবের্তো আর্জেন্টিনার হয়ে চতুর্থ গোলটি করেন। সেই গোলের রেশ না কাটতেই মিনিট দুয়েক পর আবারও এচেভেরির গোল। ৭৮ মিনিটে সান্তিয়াগো হিদালগো আর্জেন্টিনার হয়ে ষষ্ঠ গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন।
ম্যাচ শেষে এচেভরি বলেন, ‘আমরা দুর্দান্ত খেলেছি। এই ম্যাচের জন্য আমরা প্রস্তুত ছিলাম। ব্রাজিলের বিপক্ষে খেলতে নামলে আমাদের অনুপ্রেরণা সবসময় বেশি থাকে। তবে আমরা এখানেই থেমে থাকব না, আমাদের আরও উন্নতির দরকার।’