এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেটের বৈশ্বিক টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি। মর্যাদার এই প্রতিযোগিতার আয়োজক ছিল পাকিস্তান। কিন্তু দেশটিতে খেলতে যায়নি ভারত।
বিষয়টি নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। ভারত নিজেদের ম্যাচগুলো খেলেছে দুবাইয়ে। ফাইনালও সেখানেই হয়েছে। কারণ ভারত ফাইনালে উঠেছিল।
পরে নিউজিল্যান্ডকে হারিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা ঘরে তুলেছে ভারত।
পাকিস্তান প্রথমে চ্যাম্পিয়ন্স ট্রফি হাইব্রিড মডেলে করতে রাজি হয়নি। পরে যদিও রাজি হয়েছে, তবে জুড়ে দিয়েছিল নানা শর্ত। পাকিস্তান ক্রিকেট বোর্ড জানিয়ে দেয়, তারাও ভারতে খেলবে যাবে না। মেয়েদের বিশ্বকাপ, ছেলেদের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ হবে নিরপেক্ষ ভেনুতে।
ক্রিকেটে এই বৈরিতার মধ্যেই এবার ভারতে খেলতে যাচ্ছে পাকিস্তান হকি দল। সামনেই ভারতের রাজগিরে হকির এশিয়া কাপের আসর বসবে। ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, পাকিস্তান হকি সংস্থার পক্ষে ভারতীয় সংস্থাকে নিশ্চিত করা হয়েছে- পাকিস্তান হকি দল ভারতে খেলতে যাবে।
ভারত হকি ফেডারেশেনের সভাপতি দিলীপ তিরকে বলেছেন, ‘ভারত-পাকিস্তান ম্যাচ পৃথিবীর যে কোনও জায়গায় হোক না কেন, তা সব সময় রোমাঞ্চকর হয়। এই ম্যাচ সব সময়ই উপভোগ্য। ২০২৩ সালে চেন্নাইতে অনুষ্ঠিত এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে এসেছিল পাকিস্তান। খুব ভালো ম্যাচ হয়েছিল। আশা করি এবারও রাজগিরে এশিয়া কাপে প্রচুর দর্শক থাকবে।’
৮ দলের এশিয়া কাপ হকিতে স্বাগতিক ভারত ও পাকিস্তান ছাড়াও জাপান, দক্ষিণ কোরিয়া, চিন ও মালয়েশিয়া খেলবে। বাকি দুই দল ঠিক হবে বাছাই পর্বের মাধ্যমে। ইন্দোনেশিয়ায় হতে যাওয়া সেই বাছাই পর্বে খেলবে বাংলাদেশও।