আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকেই ব্যাটারদের জন্য মূর্তিমান আতঙ্কের নাম হয়ে গেছেন ভারতের পেসার জাসপ্রিত বুমরাহ। তবে তিনি আরোবেশি পরিণত হয়েছেন নাকি বাবা হওয়ার পর। এমনটাই দাবি করেছেন বুমরাহ’র জীবনসঙ্গী ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশন।
দেড়বছর আগে জন্ম নেয় বুমরা-সঞ্জনার সন্তান অঙ্গদের। সন্তানের বাবা হয়েই নাকি পাল্টে গেছে বুমরাহ’র জীবন।
বুমরাহ’র স্ত্রী সঞ্জনা সম্প্রতি এক পডকাস্টে বলেছেন, ‘সন্তান হওয়ার সময় জাসপ্রীত এশিয়া কাপ খেলায় ব্যস্ত থাকলেও ঠিক সময়েই সে আমার কাছে এসেছিল। খুব জোর গলায় সবার সামনে বলতে চাই না। তবে আমার ধারণা, অঙ্গদ হওয়ার পর বুমরাহ আরও ভালো ক্রিকেটার হয়ে উঠেছে। দিনশেষে যদি আপনি শান্তির নীড়ে ফিরতে পারেন এবং বাবা ও স্বামী হয়ে থাকতে পারেন, সেটা আপনার জীবনযাপনে অনেক সাহায্য করবে।’
আইসিসির বড় আসরে বরাবরই সঞ্চালিকার ভূমিকায় থাকেন সঞ্জনা। বিয়ের পরও ম্যাচের মাঝে কিংবা শেষে একাধিকবার নিজের স্বামী বুমরাহ’র সাক্ষাৎকার নিয়েছেন তিনি। তবে বিয়ের পর এই সাক্ষাৎকারগুলো নিতে পেশাদারিত্বের কঠিন পরীক্ষা দিতে হয়েছিল, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আমি তার সাক্ষাৎকার নিচ্ছিলাম। সে সমানে মজা করে যাচ্ছিল। কখনও চোখ টিপছিল, কখনও হাসছিল। ইচ্ছা করে আমার মনঃসংযোগে ব্যাঘাত ঘটাতে চাইছিল। বুঝতে পারছিল আমাকে খুব কষ্ট করে মনঃসংযোগ ধরে রাখতে হচ্ছে।’
সাংসারিক জীবনে দুজনের বোঝাপড়াও বুমরাহ’র সফলতার কারণ বলে মনে করেন সঞ্জনা, ‘গল্প করার জন্য বুমরা আমার সেরা বন্ধু। তার সঙ্গে বিছানায় শুয়ে একসঙ্গে চকোলেট খাই। ওটিটিতে সিনেমা দেখি কিংবা সারাদিন কী কী করলাম, তার সাথে সেই গল্প করি। এগুলোই আমাদের জীবনে অনেকটা শান্তি এনে দেয়।’