সেরা চেষ্টাই করেছিলেন রবীন্দ্র জাদেজা। দলকে নিয়েও গিয়েছিলেন জয়ের খুব কাছে। কিন্তু তীরে এসে তরী ডুবল। ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্ট ২২ রান ব্যবধানে হেরে গেছে ভারত। জয়ের লক্ষ্য ১৯৩ রান, যা তাড়ায় ১০০ ছুঁতেই ৮ উইকেট খুইয়ে বসে ভারত। সফরকারীদের ব্যাটিং ধসে ইংল্যান্ডের জন্য জয় ছিল সময়ের অপেক্ষা। সেই অপেক্ষাই দীর্ঘ হয় জাদেজার লড়াইয়ে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থেকে গেছেন ৬১ রানে। কিন্তু ভারত অলআউট হয়ে যায় ১৭০ রানে।
গতকাল ৪ উইকেটে ৫৮ রান নিয়ে পঞ্চম ও শেষ দিনের খেলা শুরু করে ভারত। লোকেশ রাহুলের সঙ্গী ছিলেন ঋষভ পন্ত। প্রথম ঘণ্টাতেই সফরকারীরা খুইয়ে বসে ৩ উইকেট। মধ্যাহ্নভোজের আগে আরেকটি হারায়। ৮ উইকেটে ১১২ রান নিয়ে বিরতিতে যায় তারা। লর্ডসে ইংলিশ পেসারদের সুইং আর গতিতে তখন হারই দেখছিল ভারত। এদিন প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপে প্রথম আঘাত হানেন জফরা আর্চার। তিনি বোল্ড করেন ৯ রান করা পন্তকে।
উইকেটে থিতু হওয়া রাহুলকে বিদায় করে ইংলিশ শিবিরে প্রাণ ফেরান বেন স্টোকস। ভারতীয় ওপেনার ৩৯ রান করে থামেন। এরপর ফের আর্চারের স্ট্রাইক। বল করার পর দুর্দান্ত এক ফিরতি ক্যাচ নিয়ে ওয়াশিংটন সুন্দরকে (০) সাজঘরে ফেরান ইংলিশ পেসার। নিতিশ কুমার রেডি কিছুটা সময় সঙ্গ দেন রবীন্দ্র জাদেজাকে। তাতে ভারত অতিক্রম করে ১০০ রানের কোটা। দলীয় ১১২ এবং ব্যক্তিগত ১৩ রানে আউট হন রেডি। তাদের শিকার বানান ক্রিস ওকস।
জাসপ্রিত বুমরাহকে সঙ্গে নিয়ে দ্বিতীয় সেশন শুরু করেন জাদেজা। তবে পুরো দায়িত্ব কাঁধে নেন তিনি। বেশিরভাগ সময় আগলে রাখেন স্ট্রাইক। দুজনের ১৩২ বলের জুটিতে আসে গুরুত্বপূর্ণ ৩৫ রান। এর মধ্যে ৭৮ বল মোকাবিলা করে ২৫ রান করেন জাদেজা। বুমরাহ ৫৪ বল খেলে ৫ রান করেন। বহু চেষ্টার পর ইংলিশ অধিনায়ক স্টোকস ভাঙেন তাদের প্রতিরোধ। প্যাভিলিয়নে পাঠান বুমরাহকে। শেষ উইকেট জুটিতে সিরাজ হন জাদেজার সঙ্গী। সিরাজকে (৪) বোল্ড করে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন শোয়েব বশির।