আগামী সপ্তাহে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তান দল। সেই সিরিজ শেষে আগস্টে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ। কিন্তু সেটি আপাতত হচ্ছে না।
ভারত এই মুহূর্তে বাংলাদেশ সফরে আসতে না চাওয়ায় সেই সময়টা কোনো সিরিজ না রাখার কথা বলেছিল বিসিবি এতদিন। কিন্তু আজ (১৬ জুলাই) ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানালেন ভিন্ন কথা।
আগস্টের ওই ফাঁকা সময়ে জাতীয় দলের জন্য নতুন কোনো দলকে খুঁজছে বিসিবি সিরিজ আয়োজনে। চেষ্টা রয়েছে দেশের বাইরে কোনো সিরিজ আয়োজনেরও। কিছুই সম্ভব না হলে ‘এ’ দলের সঙ্গে জাতীয় দলের ম্যাচ আয়োজনের ভাবনা বিসিবির।
বুধবার (১৬ জুলাই) মিরপুরে সাংবাদিকদের নাজমুল আবেদীন ফাহিম বলেন, ‘আমরা ভেবেছিলাম, ওই সময়টায় আমরা ইন্টারনালি কিছু ম্যাচের আয়োজন করতে পারি কি না। এর আগেও আমরা এ রকম করেছি। “এ” দলের সঙ্গে খেলেছিল জাতীয় দল। সে রকম একটা কিছু। এটা ছিল আমাদের আগের পরিকল্পনা।’
এরপর তিনি জানিয়েছেন বিসিবির নতুন পরিকল্পনাও, ‘এখন আমরা ভেবে দেখছি যে এর পাশাপাশি কোনো দলের সঙ্গে আমরা খেলতে পারি কি না বা বাইরে কোথাও গিয়ে খুব অল্প সময়ের জন্য কিছু খেলা যায় কি না, কোনো সুযোগ পাওয়া যায় কি না। সে জিনিসগুলো আমরা দেখছি। যদি সুযোগ না হয়, তাহলে আমরা ইন্টারনালি হয়তো খেলব।’
কথা বলেছেন জাতীয় দলের পরিকল্পনা নিয়েও, ‘এশিয়া কাপের (এ বছরের সেপ্টেম্বরে হওয়ার কথা) আগে একটা কমপ্লিট দল চাইব। সেখান থেকে খুব বেশি পরিবর্তন আমরা চাইব না। যদি খুব বেশি প্রয়োজন হয়, সেটা ভিন্ন কথা। তবে আমরা বিশ্বকাপ পর্যন্ত চাইব একটা ধারাবাহিকতা যেন থাকে এবং অপ্রয়োজনীয় পরিবর্তন যেন না আসে। পরীক্ষা–নিরীক্ষার বিষয় যেন না আসে। কারণ, একটু স্ট্যাবল হওয়ারও প্রয়োজন আছে। আশা করব, খুব বেশি পরীক্ষা–নিরীক্ষা হবে না।’