চলতি বছরের নভেম্বরে ভারতের কেরালায় একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নেতৃত্বে থাকবেন লিওনেল মেসি। এ তথ্য নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বছরের শেষ ভাগে দুই ফিফা উইন্ডোতে মোট তিনটি প্রীতি ম্যাচ খেলবে লা আলবিসেলেস্তেরা। তারই একটি গড়াবে ভারতে। এএফএ এক বিবৃতিতে জানিয়েছে, ‘২০২৫ সালের বাকি সময়ে আর্জেন্টিনা জাতীয় দলের দুটি ফিফা উইন্ডো বাকি রয়েছে। প্রথমটি ৬-১৪ অক্টোবরের মধ্যে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে (প্রতিপক্ষ ও ভেন্যু নির্ধারিত হয়নি)। দ্বিতীয়টি ১০-১৮ নভেম্বরের মধ্যে লুয়ান্ডার আঙ্গোলায় এবং ভারতের কেরালায় অনুষ্ঠিত হবে (প্রতিপক্ষ নির্ধারণ বাকি)।’
কেরালার ম্যাচের প্রতিপক্ষ এখনো নিশ্চিত হয়নি। মরক্কো, কোস্টারিকা ও অস্ট্রেলিয়ার সঙ্গে আলোচনা চলছে, এছাড়া জাপানকেও তালিকায় রাখা হয়েছে। কেরালা সরকারের বাণিজ্যিক পার্টনার ‘রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি’ আলোচনায় সক্রিয় ভূমিকা রাখছে। ত্রিবান্দ্রমের গ্রিন ফিল্ড আন্তর্জাতিক স্টেডিয়াম ভেন্যু হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি।
নিরাপত্তা ব্যবস্থা ও মাঠের অবস্থা পরিদর্শনের জন্য এএফএ কর্মকর্তারা এ বছর ভারত সফরে যাবেন। ২০১১ সালে কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভেনেজুয়েলার বিপক্ষে প্রীতি ম্যাচের পর এটা হবে মেসি ও আর্জেন্টিনার ভারতের দ্বিতীয় সফর।
এই আয়োজনকে ঘিরে শুরুতে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। কেরালার ক্রীড়ামন্ত্রী ভি. আবদুরাহিমান মে মাসে বলেছিলেন, দলটি ২০২৫ সালে কেরালায় আসবে না। এমনকি রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি এএফএ-কে আইনি নোটিশ দেওয়ার হুমকি দিয়েছিল। অবশেষে সমঝোতা হয়েছে।
রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানির এমডি অ্যান্টো অগাস্টিন ডিসেম্বর ২০২৪-এ এএফএর সঙ্গে চুক্তি করেন। এর আওতায় জুন ২০২৫-এ আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ১৩০ কোটি টাকা পরিশোধ করা হয়েছে। মোট প্রকল্প ব্যয় ধরা হচ্ছে প্রায় ৪০০ কোটি টাকা।
এছাড়া ডিসেম্বরে মেসির একটি ব্যক্তিগত সফরও হবে ভারতে, যার নাম দেওয়া হয়েছে ‘গট ট্যুর অব ইন্ডিয়া ২০২৫’। এ সফরে কলকাতা, আহমেদাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি অন্তর্ভুক্ত থাকবে। সফরে থাকতে পারে মেসির ভাস্কর্য উন্মোচন, ‘গট কনসার্ট’এবং ‘গট কাপ’-এর মতো ইভেন্ট।
অনিক/