আগেও তিনি ছিলেন এই দায়িত্বে। ফের সেই দায়িত্বেই ফিরলেন সৌরভ গাঙ্গুলী। তাকে পুননির্বাচিত করা হয়েছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) সিএবির ৯৪তম বার্ষিক সাধারণ সভায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
আগের মেয়াদে তিনি দায়িত্ব পালন করেছিলেন ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত। নিজের বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলীর স্থলাভিষিক্ত হয়ে এবার দায়িত্ব গ্রহণ করেছেন সৌরভ।
পুরোনো দায়িত্ব ফিরে গিয়ে ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে সৌরভ গাঙ্গুলী বলেন, ‘এর আগেও আমি পাঁচ বছর সভাপতি হিসেবে কাজ করেছি। এবারও আমরা সেরাটাই করার চেষ্টা করব। ভারতে ক্রিকেটের বিপুল উন্মাদনা আছে। প্রচুর প্রতিভা আছে। সেই প্রতিভাকে দিকনির্দেশনা দেওয়াটাই আমাদের কাজ হবে।’
ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের দায়িত্ব ছাড়ার পর ২০১৯ সালে বিসিসিআইয়ের সভাপতি হয়েছিলেন তিনি। ২০২২ সালে পর্যন্ত দায়িত্ব পালন করেছিলেন। চলতি বছরের শুরুর দিকেই গাঙ্গুলীকে আবারও নিয়োগ দেওয়া হয়েছে আইসিসি পুরুষদের ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে। ২০২১ সালে প্রথমবার এই পদে দায়িত্ব নিয়েছিলেন তিনি।
বাংলার ক্রিকেটের দায়িত্ব পেয়ে সৌরভ অভিনন্দন পেয়েছেন বিসিসিআই সভাপতি পদে মনোনয়ন জমা দেওয়া সাবেক দিল্লি তারকা মিঠুন মানহাসের।
তিনি বলেন, ‘আমি তাকে অভিনন্দন জানাই। এটা অনেক বড় পদ। বিশ্বের সবচেয়ে ধনী ও দক্ষ বোর্ডের সভাপতি হওয়া মানে বিশাল দায়িত্ব। ভারতের হয়ে খেলা ক্রিকেটাররা অবিশ্বাস্য প্রতিভাবান। তাঁদের সামলানো আর পথ দেখানো কঠিন দায়িত্ব। আমি আশা করি, ও এবং তার টিম খুব ভালোভাবে কাজ করবে।’
নিলয়/