শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর ফুরফুরে মেজাজে আছে বাংলাদেশ দল। পরবর্তী ম্যাচ আগামীকাল (২৪ সেপ্টেম্বর) ভারতের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশ ফেবারিট না হলেও আশা হারাচ্ছেন না প্রধান কোচ ফিল সিমন্স। ভারতের বিপক্ষে ম্যাচে আত্মবিশ্বাসী এই উইন্ডিজ কোচ।
এখন পর্যন্ত এশিয়া কাপে কোনো ম্যাচই হারেনি ভারত। সংযুক্ত আরব আমিরাত, পাকিস্তান ও ওমানকে গ্রপপর্বে হারানোর পর সুপার ফোরেও জয় পেয়েছে পাকিস্তানের বিপক্ষে। সুপার ফোরের ম্যাচে জয় পাওয়ার পর ফাইনালের পথেও একধাপ এগিয়ে গেছে শুভমান গিলরা।
বাংলাদেশের বিপক্ষে পরিসংখ্যানও কথা বলছে তাদের ভারতের হয়ে। তবে এই পরিসংখ্যানে বিশ্বাসী নন সিমন্স।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ম্যাচকে কেন্দ্র করে সংবাদ সম্মেলেন বাংলাদেশ দলের কোচ বলেন, ‘জয়ের ব্যাপারে বিশ্বাস থাকা উচিত। আজ আমরা বসে বিষয়গুলি নিয়ে কথা বলেছি। ভারতকে হারাতে পারব, আমাদের সেই সুযোগ আছে। শ্রীলঙ্কা ম্যাচের পর আমরা বিরতি পেয়েছি। আমাদের সেই বিরতির সুযোগ কাজে লাগাতে হবে। ভারতের বিরুদ্ধে আমাদের জয়ের সুযোগ আছে।’
নিজেদের সেরাটা দিতে পারলে ভারতকে হারানো কঠিন হবে না বলে মনে করেন কোচ, ‘প্রতিটি দলেরই ভারতকে হারানোর ক্ষমতা আছে। এটা নির্দিষ্ট একটি ম্যাচ। ভারত আগে হারেনি বিষয়টি এমন নয়। আমরা আমাদের সেরা ক্রিকেটটাই খেলার চেষ্টা করব এবং ভারতকে কীভাবে ভুল করানো যায় সেদিকে খেয়াল রাখব। এভাবেই আমাদের জিততে হবে।’
আগামীকাল দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে গড়াবে বাংলাদেশ-ভারত সুপার ফোরের ম্যাচটি।
নিলয়/