ভারতের ক্রিকেট বোর্ডের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিঠুন মানহাস। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিসিসিআইয়ের ৯৪তম বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বোর্ড প্রধান নির্বাচিত হন তিনি।
বিসিসিআইয়ের সভাপতি হলেও কখনো খেলেননি আন্তর্জাতিক ক্রিকেট। তবে রঞ্জি ট্রফিতে ছিলেন দিল্লির অধিনায়ক। ৪৫ বছর বয়সী এই সাবেক রঞ্জি ট্রফির নিয়মিত মুখ মাঠের ক্রিকেটকে বিদায় বলেন ২০১৭ সালে।
পরবর্তী সময়ে কাজ করেছেন বাংলাদেশেও। ছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শক। একই দায়িত্ব পালন করেছেন আইপিএলের পাঞ্জাব, বেঙ্গালুরু, গুজরাটে ফ্র্যাঞ্চাইজিতেও।
গেল শনিবার অনেকটাই স্পষ্ট হয়ে যায় মানহাসের বোর্ড প্রধান হওয়ার বিষয়টি। দিল্লিতে বিসিসিআইয়ের সাবেক ও বর্তমানদের এক বৈঠকে তার নাম চূড়ান্ত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বর্তমান আইসিসি চেয়ারম্যান ও সাবেক বিসিসিআই সভাপতি জয় শাহ।
রবিবার বোর্ডসভায় একমাত্র সভাপতি প্রার্থী হিসেবে মানহাসকে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। গত আগস্টে রজার বিনি পদত্যাগ করার পর থেকে বিসিসিআই সভাপতির পদ খালি ছিল। সহ-সভাপতি রাজীব শুক্লা এত দিন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করছিলেন। তিনি নতুন বোর্ডেও সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বোর্ডসচিবের দায়িত্বে বহাল থাকছেন দেবজ্যোতি সাইকিয়াও। এ ছাড়া সাবেক ভারতীয় স্পিনার রঘুরাম ভাট বিসিসিআইয়ের কোষাধ্যক্ষের দায়িত্ব নিচ্ছেন। নতুন যুগ্মসচিব হচ্ছেন প্রভতেজ সিং ভাটিয়া।
নিলয়/