রানের ফোয়ারা ছুটিয়ে যাচ্ছেন ভারতের ওপেনার যশস্বী জয়সওয়াল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই দারুণ এক সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন তিনি।
দ্বিতীয় টেস্টের প্রথম দিনে হাঁকানো এই শতকে ২৩ বছর বয়সে টেস্ট ক্যারিয়ারে ৭টি সেঞ্চুরি হাঁকিয়ে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি গ্রায়েম স্মিথের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন।
শুক্রবার (১০ অক্টোবর) অরুণ জেটলি স্টেডিয়ামে ১৪৫ বলে নিজের সপ্তম টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটি তার দ্বিতীয় শতক। ২০২৩ সালে ক্যারিবীয়দের বিপক্ষেই নিজের অভিষেক টেস্ট ম্যাচে পেয়েছিলেন শতকের দেখা।
এই মুহূর্তে তার বয়স ২৩ বছর ২৮৬ দিন। ফলে বয়স ২৪ হওয়ার আগেই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ এখনো রয়েছে তার সামনে।
২৪ বছর পূর্ণ হওয়ার আগে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় শীর্ষে রয়েছেন ডন ব্র্যাডম্যান (১২), এরপর আছেন শচীন টেন্ডুলকার (১১) ও গ্যারিফিল্ড সোবার্স (৯)।
এই তালিকায় পরের অবস্থানে থাকা গ্রায়েম স্মিথ, অ্যালিস্টার কুক, কেইন উইলিয়ামসন, জাভেদ মিয়াঁদাদ—এবার তাদের পাশে জায়গা করে নিলেন যশস্বী জয়সওয়ালও।
আউট না হয়েই প্রথম দিন শেষ করেছেন জয়সওয়াল। ১৫০ রানের কোটা পেরিয়ে আগামীকাল প্রথম সেশনে স্বপ্ন দেখছেন ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি আদায়ের। দিন শেষে অপরাজিত আছেন ১৭৩ রানে। ভারতের বোর্ডে রান জমা হয়েছে ২ উইকেট হারিয়ে ৩১৮ রান। তার সঙ্গী অধিনায়ক শুভমান গিল অপরাজিত আছেন ২০ রানে।
ওপেনিংয়ে নামা লোকেশ রাহুল করেছেন আউট হওয়ার আগে ৩৮ রান। তাকে ফিরিয়েছেন স্পিনার ওয়ারিক্যান। ৮৭ রান করে লেগ বিফোরের ফাঁদে পড়েছেন সাই সুদর্শনও ওয়ারিক্যানের বলে।
নিলয়/