মেক্সিকো-আর্জেন্টিনার ম্যাচজুড়ে হয়েছে একের পর এক ফাউল। দুই দলের খেলোয়াড়রা মিলে ফাউল করেছেন ৩৭টি। ম্যাচে ১০টি হলুদ কার্ডের আর্জেন্টিনা দেখেছে ৬টি ও মেক্সিকো ৪টি। দুজন দেখেছেন লাল কার্ডও। দুজনই মেকিক্সোর।
ফাউলের ছড়াছড়ি এমন ম্যাচে মেক্সিকো ২-০ ব্যবধানে হেরেছে আর্জেন্টিনার কাছে। ফলে ১৮ বছর পর তথা ২০০৭ সালের পর যুব বিশ্বকাপের শেষ চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল।
চিলির সান্তিয়াগোয় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাওয়া এই জয় টুর্নামেন্টটির সর্বশেষ ৭ আসরের মধ্যে আর্জেন্টিনার সেরা সাফল্য এখন পর্যন্ত।
ম্যাচের দুই অর্ধে দুই গোল করে জয়ের স্বাদ পেয়েছে আর্জেন্টাইনরা। মেক্সিকোর গোলকিপারের ভুলে বল পেয়ে আর্জেন্টিনাকে এগিয়ে দেন মাহের কারিজো। এটি তার চলমান আসরের তৃতীয় গোল।
দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে দ্বিতীয় গোলটি আদায় করে নেয় আলবিসেলেস্তের যুবারা। বদলি নামা মাতেও সিলভেত্তি গতিময় শটে স্কোরলাইন ২-০ করেন। ইন্টার মায়ামির উইঙ্গারের দ্বিতীয় গোল এটি টুর্নামেন্টে।
শেষ পর্যন্ত দুই গোলের ব্যবধান ধরে রেখেই মাঠ ছেড়েছে আর্জেন্টিনা।
ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার আর্জেন্টিনার প্রতিপক্ষ কলম্বিয়া। গতকালের অন্য কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া ৩-২ গোলে হারায় স্পেনকে।
নিলয়/