ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকটা সুখকর হলো না শুভমান গিলের। পার্থে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাত্তাই পায়নি তার দল অস্ট্রেলিয়ার কাছে। টসের পর খেলা শুরু হলেও বৃষ্টির কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকায় ম্যাচটি কমিয়ে ৩৫ ওভারে নামিয়ে আনা হয়। পরবর্তীতে আবারও বৃষ্টির বাধায় ২৬ ওভারে নেমে আসে ম্যাচ।
ভারতের ১৩৬ রান করলেও বৃষ্টি আইনে সেই লক্ক্য দাঁড়ায় ১৩১। যা ৭ উইকেট হাতে রেখে অনায়াসেই টপকে গেছে অস্ট্রেলিয়া দল।
শুরু থেকেই অস্ট্রেলিয়ার বোলারদের সামনে সুবিধা করতে পারেনি ভারত। দীর্ঘদিন পর ওয়ানডে দলে ফিরে ৮ রান করে আউট হন সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ২২৩ দিন পর দলে ফেরা বিরাট কোহলি ফিরেছেন ০ রানে।
ভারতের হয়ে সর্বোচ্চ ৩৮ রান এসেছে লোকেশ রাহুলের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ৩১ রান করেছেন অক্ষর প্যাটেল। অজিদের হয়ে জোড়া উইকেট শিকার করেছেন হ্যাজলউড, মিচেল ওউয়েন ও ম্যাথু কুহনেম্যান। সমান ১টি করে উইকেট পেয়ছেন মিচেল স্টার্ক ও নাথান এলিস।
লক্ষ্য তাড়া করতে নেমে ১০ ও ৪৪ রানে ট্রাভিস হেড ও ম্যাথু শর্ট বিদায় নেন অর্শ্বদীপ ও অক্ষর প্যাটেলের বলে। দুজনই করেন সমান ৮ রান। তবে ওপেনিংয়ে নামা অধিনায়ক মিচেল মার্শ ঠিকই দাঁড়িয়ে ছিলেন শেষ পর্যন্ত। ৫২ বলে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলে দলের জয় ছিনিয়ে আনেন ৭ উইকেটে।
মাঝে ৩৭ রান করে মার্শের সঙ্গে ৫৫ রানের জুটি গড়েন জশ ফিলিপ। ওয়াশিংটন সুন্দরের বলে তিনি বিদায় নিলেও ম্যাট রেন শ'কে (২১) সঙ্গে নিয়ে বাকি কাজটুকু সারেন মার্শ। তিনিই জিতেছেন ম্যাচসেরার পুরস্কার।
সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী ২৩ অক্টোবর অ্যাডিলেডে।
নিলয়/