ঢাকায় হয়ে গেল আইসিসি-বিসিবির বৈঠক। যদিও কোনো ফলপ্রসূ সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি কোনো পক্ষ। এতে করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে চলমান থাকবে আলোচনা। শনিবার (১৭ জানুয়ারি) বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির বিবৃতি তুলে ধরা হলো খবরের কাগজের পাঠকদের জন্য-
আলোচনার সময় বিসিবি আইসিসির কাছে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের জন্য তাদের আনুষ্ঠানিক অনুরোধ পুনর্ব্যক্ত করে। বোর্ড ক্রিকেট দলের নিরাপত্তা ও সুরক্ষা, বাংলাদেশি সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের বিষয়ে বাংলাদেশ সরকারের মতামত ও উদ্বেগও তুলে ধরে।
আলোচনাগুলো গঠনমূলক, সৌহার্দ্যপূর্ণ ও পেশাদার পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে সংশ্লিষ্ট সব পক্ষ খোলামেলা ভাবে প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। অন্যান্য বিষয়ের পাশাপাশি, ন্যূনতম লজিস্টিক পরিবর্তনের মাধ্যমে বিষয়টি সহজ করতে বাংলাদেশকে ভিন্ন গ্রুপে স্থানান্তরের সম্ভাবনাও আলোচনায় উঠে আসে।
আইসিসি প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস ও কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সেক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। ভিসা প্রত্যাশিত সময়ের পরে পাওয়ায় গৌরব সেক্সেনা সরাসরি বৈঠকে উপস্থিত থাকতে না পেরে ভার্চুয়ালি আলোচনায় যোগ দেন। অ্যান্ড্রু এফগ্রেভ বৈঠকে সরাসরি উপস্থিত ছিলেন।
বিসিবির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি মো. আমিনুল ইসলাম, সহ-সভাপতি মো. শাকাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, পরিচালক ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নজমুল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী। বিসিবি ও আইসিসি উভয় পক্ষই এ বিষয়ে গঠনমূলক সংলাপ চালিয়ে যেতে সম্মত হয়েছে।
অনিক/