টি-টোয়েন্টি বিশ্বকাপে হার দিয়ে সুপার এইট শুরু করেছে ভারত। দক্ষিণ আফ্রিকার কাছে বড় হারের পর বাকি দুই ম্যাচ এখন তাদের জন্য ডু-অর-ডাই। তারই একটিতে আজ (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিকরা।
এমএ চিদাম্বরম স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় মুখোমুখি হবে দুই দল। জিম্বাবুয়েও তাদের প্রথম ম্যাচ হেরে চাপে রয়েছে। তারপরও তাদের আক্রমণভাগের বৈচিত্র্য ভারতের বিপক্ষে আশাবাদ জোগাচ্ছে বলে মনে করেন অলরাউন্ডার রায়ান বার্ল।
রিচার্ড এনগ্রাভা ফিট জয়ে জিম্বাবুয়ের পেসভাগে ফিরেছেন। দলটির পেস আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন ব্লেসিং মুজারাবানি। স্পিনভাগে ভেরিয়েশন আনতে পটু গ্রায়েম ক্রেমার (লেগস্পিন), সিকান্দার রাজা (অফস্পিন) এবং ওয়েলিংটন মাসাদাদজা (বাঁহাতি স্পিনার)।
বার্ল বলেন, ‘আমাদের হাতে অনেক অপশন আছে, আর সেটাই সম্ভবত জিম্বাবুয়ে লাইন-আপের বড় সুবিধা। আমাদের বাঁহাতি সিমার আছে, ডানহাতি সিমার আছে, কয়েকজন লেগস্পিনার আছে, একজন অফস্পিনার আছে, বাঁহাতি অফিও আছে। অর্থাৎ আমাদের যথেষ্ট গভীরতা আছে।’
ভারতের দলে একাধিক বাঁহাতি ব্যাটার থাকায় ওয়েলিংটনকে হয়তো বেঞ্চে বসতে হতে পারে। তবে রাজার ভূমিকা থাকতে পারে নতুন বলে, বিশেষ করে বাঁহাতি জুটি অভিষেক শর্মা এবং ইশান কিশানের বিপক্ষে। রাজার অফব্রেক ও ক্যারম বল, উভয় স্পিনই কাজে লাগতে পারে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে রিটার্ন ক্যাচ নিতে গিয়ে রাজার আঙুলে চোট লাগে এবং কিছু সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল। তবে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য তাকে ফিট ঘোষণা করা হয়েছে। ম্যাচের আগের দিন নেটে তিনি স্বাচ্ছন্দ্যে বোলিং ও ব্যাটিং করেছেন।
পরিস্থিতি যাই হোক না কেন, এই বিশ্বকাপে দুর্দান্ত বোলিংয়ে ব্যাটারদের জন্য হুমকি হয়ে উঠেছেন মুজারাবানি। চার ইনিংসে তার উইকেটসংখ্যা ১১। মুজারাবানি সম্পর্কে বার্ল বলেন, ‘৬ ফুট ৯ ইঞ্চি লম্বা হওয়া অবশ্যই সাহায্য করে। তবে তাকে যতটা কৃতিত্ব দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি প্রাপ্য। এই টুর্নামেন্টের আগে সে প্রায় চার থেকে ছয় মাস চোটের কারণে (পিঠের ইনজুরি) বাইরে ছিল। নিজের শরীর ও ফিটনেস নিয়ে তার মনে সন্দেহ ছিল। কিন্তু বলে যে সাফল্য সে পেয়েছে, তা অসাধারণ।’
অনিক/