মুম্বাইয়ে সেমিফাইনালের আগে সবুজাভ আভাযুক্ত পিচ দেখে অনেকের ভ্রু কুঁচকেছিল, তবে শেষ পর্যন্ত সেখানে রেকর্ড ৪৯৯ রান হয়েছিল। ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সেই ম্যাচের মতোই পিচে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল (৮ মার্চ) শিরোপা লড়াইয়ে স্বাগতিক ভারতের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। রবিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচে টার্ন কম হলেও গতি ও বাউন্স ভালো থাকার সম্ভাবনা রয়েছে। ক্রিকইনফো জানতে পেরেছে, ভারত ও নিউজিল্যান্ডের ফাইনালের জন্য কেন্দ্রীয় পিচটি লাল ও কালো মাটির মিশ্রণে তৈরি হবে। ঠিক ওয়াংখেড়ে স্টেডিয়ামের পিচের মতোই এই পিচেও ভালো বাউন্স থাকতে পারে এবং এটি পেসারদের সহায়ক হওয়ার সম্ভাবনা রয়েছে। এই পিচে পার স্কোর প্রায় ২০০ রান হতে পারে।
এই পিচটি প্রায় নতুনের মতো, কারণ চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এখানে মাত্র একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রায় এক মাস আগে, ৯ ফেব্রুয়ারি কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচটি এখানে হয়েছিল। সন্ধ্যার সেই ম্যাচে আগে ব্যাট করে ২১৩ রান করার পর দক্ষিণ আফ্রিকা ৫৩ রানে জয় পেয়েছিল।
এই টুর্নামেন্টে নিউজিল্যান্ড আহমেদাবাদে মাত্র একটি ম্যাচ খেলেছে, অন্যদিকে ভারত খেলেছে দুটি ম্যাচ। ১৪ ফেব্রুয়ারির গ্রুপ ম্যাচে লাল মাটির পিচে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৭৭ রানের লক্ষ্য ১৭ বল হাতে রেখেই তাড়া করে ৭ উইকেটে জয় পেয়েছিল দক্ষিণ আফ্রিকা।
চার দিন পর ভারতের শেষ গ্রুপ ম্যাচে আগে ব্যাট করে ১৯৩ রান তোলে ভারত এবং নেদারল্যান্ডসকে ১৭ রানে হারায়। এরপর ২২ ফেব্রুয়ারি সুপার এইট পর্বে কালো মাটির পিচে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচে ১৮৭ রান রক্ষা করে দক্ষিণ আফ্রিকা ৭৬ রানের বড় জয় পায়।
শনিবার ভারতের অনুশীলন করার কথা রয়েছে। অন্যদিকে নিউজিল্যান্ড বৃহস্পতিবার আহমেদাবাদে পৌঁছে সেদিন সন্ধ্যাতেই তাদের প্রথম অনুশীলন সেশন সম্পন্ন করেছে। গত এক বছরের মধ্যে এটি দ্বিতীয়বার, যখন কোনো বৈশ্বিক টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই দল। এর আগে দুবাইয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়েছিল ভারত।
অনিক/