মোহাম্মদ আমির আবারও ভারতের বিপক্ষে বাজি ধরেছেন। সাবেক এই পাকিস্তানি পেসার মনে করছেন, নিউজিল্যান্ড টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে সংক্ষিপ্ত ফরম্যাটে নিজেদের প্রথম শিরোপা ঘরে তুলবে।
এর আগেও তিনি ভবিষ্যদ্বাণী করেছিলেন যে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ এবং সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারবে ভারত। তবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল সেই ভবিষ্যদ্বাণী ভুল প্রমাণ করে জয় পেয়েছে। তবুও আমিরের বিশ্বাস, ফাইনালে কিউইদের বিপক্ষে ভারতের ভাগ্য আর কাজ করবে না।
এক শোতে আমির বলেন, ‘সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ড পূর্ণাঙ্গ পারফরম্যান্স দিয়েছে। দল হিসেবে তারা ধারাবাহিকভাবে ভালো খেলছে। কিন্তু ভারতের দিকে তাকালে মনে হয় তারা মূলত দুই খেলোয়াড়ের পারফরম্যান্সে জিতছে- জাসপ্রিত বুমরাহ এবং সাঞ্জু স্যাসমন।’
আমির আরও বলেন, ফাইনাল ভেন্যু নরেন্দ্র মোদি স্টেডিয়ামের উইকেট নিউজিল্যান্ডের জন্য বেশি সহায়ক হতে পারে, ‘বোলিং বিভাগে নিউজিল্যান্ড ভারতের চেয়ে ভালো ফর্মে আছে। বুমরাহ ছাড়া ভারতের অন্য কেউ ধারাবাহিক পারফরম্যান্স করতে পারছে না। বরুন চক্রবর্তী এবং হার্দিক পান্ডিয়া দুজনেই সংগ্রাম করছে।’
সাবেক এই পেসার মনে করেন, ভারত অতিরিক্তভাবে ব্যক্তিগত পারফরম্যান্সের ওপর নির্ভরশীল। বিপরীতে নিউজিল্যান্ডের দলে ভারসাম্য বেশি, ‘দুই দলের ব্যাটিং প্রায় সমান শক্তিশালী। তবে নিউজিল্যান্ডের বোলিং ভালো ফর্মে আছে, আর ভারত অনেকটাই বুমরাহর ওপর নির্ভরশীল। তাই আমার বিশ্বাস, নিউজিল্যান্ডই জিতবে।’
অনিক/