জুলাই গণহত্যার বিচার এবং শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কফিন মিছিল ও সংহতি সমাবেশ করেছে জাতীয় ছাত্রশক্তি।
শুক্রবার (১৭ জুলাই) জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন সামাজিক বিজ্ঞান অনুষদের সামনে থেকে কফিন মিছিলটি শুরু হয়।
মিছিলটি হলপাড়া, ভিসি চত্বর প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে সংহতি সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারসহ রাষ্ট্রীয় সংস্কার, গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা এবং বৈষম্যহীন, জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানান। এছাড়া গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বাস্তবায়নে জুলাই শহিদদের রক্তের ঋণ পরিশোধের ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানানো হয়।
এ সময় জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান, সিনিয়র সহ-সভাপতি হাসিব আল ইসলাম, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাঈম আবেদিন, জাতীয় ছাত্রশক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরীসহ জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় ও বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সংহতি জানিয়ে ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সানাউল্লাহ হক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসেন খানসহ বিভিন্ন ছাত্রসংগঠনের নেতারা বক্তব্য রাখেন।
আরিফ জাওয়াদ/রিফাত/