একটি ব্যবসার কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে উৎপাদন, সংরক্ষণ, পরিবহন এবং শেষ পর্যন্ত গ্রাহকের হাতে পণ্য বা সেবা পৌঁছে দেওয়ার পুরো প্রক্রিয়াটি পরিচালনা করে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট। এ কারণেই একে অনেক সময় একটি প্রতিষ্ঠানের মেরুদণ্ড বলা হয়।
বর্তমানে ব্যবসা-বাণিজ্য শুধু দেশীয় বাজারেই সীমাবদ্ধ নয়; এটি বিশ্বব্যাপী বিস্তৃত। ফলে প্রতিযোগিতাও আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি। এমন বাস্তবতায় গুণগতমান অক্ষুণ্ন রেখে কম খরচে এবং নির্ধারিত সময়ে গ্রাহকের কাছে পণ্য বা সেবা পৌঁছে দেওয়া প্রতিটি প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করতে দক্ষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পেশাজীবীর প্রয়োজনীয়তা দিন দিন বাড়ছে। তাই বর্তমানে বিভিন্ন শিল্প ও ব্যবসাপ্রতিষ্ঠানে এ ক্ষেত্রের দক্ষ জনবলের চাহিদাও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট কী?
সহজভাবে বলতে গেলে পণ্য সরবরাহকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বলে। কোনো প্রতিষ্ঠানের কাঁচামাল কেনা থেকে শুরু করে পরিকল্পনা, পণ্যের উৎস, মজুতকরণ, প্রস্তুত এবং বিপণন কার্যক্রম দক্ষতা দিয়ে সময়মতো ও কম খরচে সম্পন্ন করাই হলো সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সরবরাহ শেকল ব্যবস্থাপনা।
আরো পড়ুন: প্রোডাক্ট ম্যানেজার ও প্রজেক্ট ম্যানেজারের কাজের মধ্যে পার্থক্য
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের পারিভাষিক অর্থ হলো–একটি পণ্যের প্রাথমিক উৎস থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানুষের নিকট সেটিকে পৌঁছে দেওয়া। তবে আধুনিককালে পণ্য শুধু সরবরাহ করলেই হবে না। পণ্যের মান এবং প্রতিশ্রুত সময় রক্ষা করা পণ্য সরবরাহের গুরুত্বপূর্ণ শর্ত। এমনকি বিক্রয়-পরবর্তী সেবাও সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ কী?
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে একটি অন্তর্নিহিত বিষয়, যেখানে আন্তঃপ্রাতিষ্ঠানিক বিষয়াবলি ছাড়াও বৈশ্বিক বিষয়ে জানা জরুরি। আরও বিশদভাবে বললে, সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের দায়িত্বের মধ্যে রয়েছে–পণ্য সংগ্রহের একটি সুষ্ঠু পরিকল্পনা, পণ্য ক্রয় বা সংগ্রহ, সজ্জিতকরণ বা শ্রেণিবদ্ধকরণ, স্থানান্তর, মজুতকরণ, সরবরাহ, বিক্রয় এবং বিক্রয়োত্তর সেবা। একজন সাপ্লাই চেইন ব্যবস্থাপককে পুরো প্রক্রিয়াটি প্রতিষ্ঠানের সব শাখার জনবলের সঙ্গে যোগাযোগ বা সমন্বয় রেখে করতে হয়। নিজস্ব পণ্য ছাড়াও পণ্যের খুঁটিনাটি এবং এর ক্রমোন্নত উন্নতি সাধন, পাশাপাশি ক্রেতার হাতে আরও উন্নত পণ্য সবচেয়ে কম দামে পৌঁছে দেওয়াই দক্ষ সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের কাজ।
পড়াশোনা
সাপ্লাই চেইন ম্যানেজমেন্টে দক্ষ পেশাজীবী হতে চাইলে হাতে-কলমে শিক্ষার পাশাপাশি প্রয়োজন-সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স ও ডিপ্লোমা। কেননা, আধুনিক বিশ্বের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিষয়গুলো ভালোভাবে জানতে এসব কোর্স বেশ গুরুত্বপূর্ণ। বাংলাদেশে সাপ্লাই চেইনে দক্ষ জনবল তৈরিতে বিদেশি প্রতিষ্ঠান ছাড়াও অনেক দেশি প্রতিষ্ঠান কাজ করছে। যুক্তরাজ্যের দ্য চার্টার্ড ইনস্টিটিউট অব প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই (সিআইপিএস) ছাড়াও যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল সাপ্লাই চেন এডুকেশন অ্যালায়েন্সের (আইএসসিইএ) সিএসসিএম (সার্টিফাইড সাপ্লাই চেইন ম্যানেজার), দেশের মধ্যে মাইন্ড মেপারস, ইনস্টিটিউট অব হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (বিআইএইচআরএম), বাংলাদেশ ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট (বিআইএম) সাপ্লাই চেইনে পোস্ট গ্র্যাজুয়েশন ডিপ্লোমা করাচ্ছে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এ বিষয়ে ট্রেনিং কোর্স করাচ্ছে। এছাড়া বিভিন্ন সময় বিভিন্ন প্রতিষ্ঠান সাপ্লাই চেইনের ওপরে কোর্স ও সেমিনার আয়োজন করে থাকে।
চাকরির সুযোগ
বৈশ্বিক বাণিজ্যের পরিধি প্রসারিত হচ্ছে দিন দিন। বাড়ছে বিশ্বমানের শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। অসীম সম্ভাবনার দুয়ার খুলে এ দেশেও গড়ে উঠছে নতুন নতুন শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান। বাংলাদেশ প্রোডাক্ট সেলের জন্য একটি আকর্ষণীয় দেশ, যেখানে জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। পাশাপাশি পরিবহনের মাধ্যমে স্থল ও জলপথে অনেক সহজে ক্রেতার কাছে পৌঁছানো যায় পণ্য। এমন পরিবেশে বিদেশি কোম্পানিগুলো যেমন–এগিয়ে আসছে তেমনি এ দেশীয় কোম্পানিগুলো আরও বেশি পরিমাণে নতুন নতুন পণ্য বা সেবা নিয়ে ক্রেতার সামনে হাজির হচ্ছে। ভীষণ সম্ভাবনাময় হয়ে উঠছে খাতটি। এসব খাতের জন্য তৈরি হচ্ছে বিপুল কর্মসংস্থান। প্রাথমিক অবস্থায় এ পেশায় সম্ভাব্য গড় বেতন ৩০ হাজার টাকা পাওয়া গেলেও অভিজ্ঞতা বাড়ার পাশাপাশি বেতনও বাড়তে থাকে।
সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট পেশাজীবীদের দেশে-বিদেশেও রয়েছে প্রচুর চাহিদা। বিশ্বায়নের যুগে এ পেশার প্রসার খুব দ্রুত বাড়ছে। ইতোমধ্যে আমাদের দেশীয় প্রতিষ্ঠান, শিল্প-কারখানা ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো এ ধরনের পেশাজীবীদের খোঁজ করছে। এ খাতের পেশাজীবীরা সাধারণ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অফিসার, লজিস্টিক, প্রকিউরমেন্ট ও গ্রাহকসেবা ইত্যাদি পদে কাজ করার সুযোগ রয়েছে।
আমাদের দেশে যে হারে শিল্প-কারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ নিত্যনতুন উদ্ভাবন হচ্ছে, সে অনুপাতে নেই দক্ষ জনশক্তি। তবে দেশে সাধারণত লজিস্টিকস অফিসার বা প্রকিউরমেন্ট অফিসার হিসেবেও এ পদে নিয়োগ দেওয়া হয়। কয়েক বছরের অভিজ্ঞতা অর্জন করলে সাপ্লাই চেইন ম্যানেজার হিসেবে পদোন্নতি পাওয়া যায়। দেশের বিভিন্ন শিল্প-কারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সাপ্লাই চেইন ব্যবস্থাপনাতেও দক্ষ জনবল সংকট রয়েছে। যার কারণে এই সেক্টরে ক্যারিয়ার গড়তে পারলে সাফল্য পাওয়ার সম্ভাবনা প্রবল।
তারেক/