চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় জামাল উদ্দিন নামে এক যুবলীগ নেতাকে কুপিয়েছেন প্রতিপক্ষের লোকজন। গতকাল রবিবার বেলা ১১টায় দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটে এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জামাল উদ্দিন দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, একটি দোকান থেকে জামাল উদ্দিনকে টেনেহিঁচড়ে বের করে মারধর করা হয়। তিনি দৌড়ে পালাতে গেলে পেছন থেকে তাকে ছুরিকাঘাত করা হয়। এতে তার কোমর ও পিট জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এ ব্যাপারে দাঁতমারা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নাজের হোসেন খবরের কাগজকে বলেন, ‘শুধু নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা হয়েছে, তা নয়। তার কাছে অনেক লোক টাকা পাবে। তবে যারা হামলা চালিয়েছে, আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’
ফটিকছড়ির সাবেক উপজেলা চেয়ারম্যান এইচ এম আবু তৈয়ব বলেন, ‘জামাল উদ্দিনকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম। তার শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।’
ফটিকছড়ি উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহ আলম সিকদার বলেন, জামাল দাঁতমারা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। গত দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করায় প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়েছে। স্থানীয়রা ভিডিও দেখে হামলাকারীদের শনাক্ত করেছেন। ভিডিওতে নাঈম উদ্দিন, ইউচুপ, সুমন, ফোরকান, নুরুল ইসলাম, ইমাম হোসেন ও পিয়ারুল ইসলামকে হামলা করতে দেখা গেছে।


