ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মোরসালিন (৩২) নামে এক যুবককে বাড়িতে ডেকে নিয়ে হত্যার অভিযোগ উঠেছে।
রবিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের শিবনগর গ্রামের মাদক কারবারি আব্দুল্লাহর বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত মোরসালিন ওই ইউনিয়নের মিনারকোট গ্রামের নূর মোহাম্মদের ছেলে।
নিহতের পরিবারের অভিযোগ, শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মিনারকোট গ্রামের একটি দোকানের সামনে থেকে পার্শ্ববর্তী শিবনগর গ্রামের আব্দুল্লাহ তার সহযোগী হৃদয় ও সোহেলকে দিয়ে মোরসালিনকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। এরপর তারা সবাই মিলে তাকে শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের মেঝেতে মরদেহ ফেলে রেখে সবাই পালিয়ে যায়।
এদিকে অনেক রাত হয়ে গেলেও মোরসালিন বাড়ি না ফেরায় পরিবারের লোকজন চিন্তিত হয়ে তাকে খুঁজতে থাকে। খোঁজার এক পর্যায়ে রবিবার দুপুরের দিকে আব্দুল্লাহর বাড়িতে গিয়ে দেখে তার বসতঘরে তালা ঝুলানো। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা ঘরের জানালা দিয়ে উঁকি দিয়ে মেঝেতে মোরসালিনের নিথর দেহ পড়ে থাকতে দেখে।
খবর পেয়ে পুলিশ বিকেলে আব্দুল্লাহর বাড়ি থেকে মোরসালিনের মরদেহ উদ্ধার করে।
মোরসালিনের ভাই হাকিম ভূঁইয়া বলেন, ‘আমার ছোট ভাই আব্দুল্লাহ ও হৃদয়ের কাছে ২ লাখ ৪০ হাজার টাকা পাওনা ছিল। বিষয়টি নিয়ে আগে অনেক দেনদরবার হয়েছিল। এর জের ধরে বাড়িতে ডেকে নিয়ে আব্দুল্লাহ ও তার সহযোগীরা মিলে আমার ভাইকে হত্যা করেছে। আমার ভাইয়ের হত্যাকারীরা এলাকার চিহ্নিত মাদক কারবারি। আমি এই হত্যার বিচার চাই।’
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম বলেন, ‘প্রাথমিক তদন্ত শেষে মনে হচ্ছে, টাকা দেনা-পাওনা ও মাদকসংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। তা ছাড়া উভয়ের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। মরদেহ মর্গে পাঠানোর আইনি প্রক্রিয়া চলছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আটক করতে পুলিশ অভিযান চালাচ্ছে।’
জুটন বনিক/সাদিয়া নাহার/