দীর্ঘ ১৪ মাস বন্ধ থাকার পর গত মার্চের ১০ তারিখে চাঁদপুর ১৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র চালু করা হয়। চলতি এপ্রিলের ৫ তারিখ জেনারেটর বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যার ফলে পুরো বিদ্যুৎকেন্দ্র আবারও বন্ধ করে দেওয়া হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) দুপুরে শহরের নিউ ট্রাক রোড গুনরাজদী এলাকায় বিদ্যুৎকেন্দ্রে গিয়ে উৎপাদন বন্ধ অবস্থা দেখা গেছে। তবে কেন্দ্রের দায়িত্বরত প্রকৌশলীরা বিভিন্ন অংশে কাজ করছেন।
কেন্দ্রের সহকারী প্রকৌশলী তাজুল ইসরাম রাজু বলেন, ‘ইন্দোনেশিয়া থেকে প্রকৌশলীরা আসবে। চলতি মাসের শেষ পর্যন্ত সিডিউল মেরামত কাজ চলবে। আগামী ১ মে থেকে পুনরায় বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যাবে বলে আশা করা যাচ্ছে।’
নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুরি বলেন, ‘বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি দীর্ঘদিন বন্ধ থাকার পর গত ১০ মার্চ ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন গ্যাস টারবাইন ইউনিট চালু করা হয়। মাত্র ২৫ দিন বিদ্যুৎ উৎপাদন শেষে ৫ এপ্রিল এই ইউনিটের একটি জেনারেটরের বেয়ারিংয়ে ওয়েল লিকেজ থেকে ছোট আকারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় কর্তব্যরত প্রকৌশলী দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার পাশাপাশি ইউনিটটি শাটডাউন করে দেন। এরপর থেকে বন্ধ রয়েছে বিদ্যুৎ উৎপাদন।’
অভিজিৎ কুরি আরও বলেন, ‘এর আগে নিয়মিত পরীক্ষার অংশ হিসেবে ২০২২ সালের ডিসেম্বর মাসে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি সাময়িকভাবে বন্ধ করা হয়। সব কাজ শেষ করে ২০২৩ সালের মার্চ মাসে বিদ্যুৎকেন্দ্রের গ্যাস টারবাইন ইউনিটটি চালু করতে গেলে গ্যাস বুস্টার নামক যন্ত্র অকেজো ধরা পড়ে। রিজার্ভে থাকা গ্যাস বুস্টার যন্ত্রটি আগে থেকে অকেজো থাকায় বন্ধ হয়ে যায় পুরো বিদ্যুৎকেন্দ্র। পরবর্তী সময়ে আন্তর্জাতিক দরপত্রের মাধ্যমে গ্যাস বুস্টার ক্রয়সহ আমেরিকা থেকে প্রয়োজনীয় যন্ত্রপাতি আনা হয়। চীন, ইন্দোনেশিয়ান এক্সপার্ট টিম ও বিদ্যুৎকেন্দ্রের প্রকৌশলীদের যৌথ চেষ্টায় নতুন গ্যাস বুস্টার ইনস্টলেশনের কাজ সম্পন্ন করা হয়।’
২০১০ সালের ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১২ সালের মার্চ মাস থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করে কেন্দ্রটি। চীনা কোম্পানি চেংদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড ১ হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে এই বিদ্যুৎকেন্দ্রটি নির্মাণ করে।