কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে কাঁকড়া ধরতে গিয়ে দুই বাংলাদেশি চাকমা যুবককে অপহরণ করা হয়েছে। মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) সদস্যরা এ কাজ করেছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগীদের পরিবার। গত বৃহস্পতিবার বেলা ২টার দিকে টেকনাফের হোয়াইক্যং নাফ নদীর ৫ নম্বর স্লুইচ গেট এলাকা থেকে তাদের অপহরণ করা হয়।
অপহৃতরা হলেন টেকনাফের হোয়াইক্যং ৪ নম্বর ওয়ার্ড লম্বাঘোনার মৃত ওচামং চাকমার ছেলে ছৈলা মং চাকমা (২৯) ও মংথাইংছিং তঞ্চঙ্গ্যা চাকমার ছেলে ক্যমংখো এ তঞ্চঙ্গ্যা (২৫)।
শনিবার (১৮ মে) বিষয়টি জানিয়ে টেকনাফ থানা ও ২ বিজিবি বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন অপহৃত ক্যমংখো তঞ্চঙ্গ্যার মা ছুছিং ছা তঞ্চঙ্গ্যা। অভিযোগে তিনি বলেন, ‘আমার ছেলে ও নাতি নাফ নদীতে কাঁকড়া আহরণ করে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের মতো বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কাঁকড়া ধরার জন্য নাফ নদীতে যায়। সন্ধ্যায় বাড়িতে না ফিরলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে জানতে পারি নাফ নদী থেকে আরসার সদস্যরা আমার ছেলে ও নাতিকে অপহরণ করে নিয়ে গেছে। তিন দিন ধরে তারা আরসার কাছে জিম্মি রয়েছে।’ এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়ন ও টেকনাফ মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।
অপহৃত ছৈলা মং চাকমার বড় ভাই সালাও মং চাকমা খবরের কাগজকে জানান, অপহরণকারীদের কাছ থেকে এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি বা কেউ যোগাযোগ করেনি।
এ ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, ‘দুজন চাকমা যুবক নিখোঁজের বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’ টেকনাফের ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ খবরের কাগজকে মুঠোফোনে বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা খোঁজখবর রাখছি। তাদের কারা তুলে নিয়ে গেছে সে বিষয়টি যাচাই করা হচ্ছে।’