কক্সবাজার সমুদ্রসৈকতের কলাতলী পয়েন্টে জোয়ারের পানিতে ভাসমান অবস্থায় এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ মে) রাত ৯টার দিকে কলাতলীর ভাঙার মুখ পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাকিল আহমেদ।
তিনি জানান, নিহত তরুণীর বয়স আনুমানিক ১৮ থেকে ২০ বছর। তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, রাতে সৈকতের কলাতলী পয়েন্টের ভাঙার মুখ এলাকায় জোয়ারের পানিতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় এক শিশু। সে বিষয়টি স্থানীয়দের জানায়। পরে নুরুল আলম নামে এক ব্যক্তি জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিয়ে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
তিনি বলেন, নিহত তরুণীর দেহে আঘাতের কোনো চিহ্ন নেই। কপালের ডান পাশে আঘাতের একটি চিহ্ন দেখা গেলেও তা অনেক দিন আগের। তার মাথার চুল ছোট, পরনে ছিল থ্রিপিস। এটি হত্যা নাকি দুর্ঘটনা- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মুহিববুল্লাহ মুহিব/ইসরাত চৈতী/অমিয়/