চট্টগ্রামে কোরবানির দুটি হাটের লেনদেনকে ক্যাশলেস করার ব্যাপারে এক সঙ্গে কাজ করবে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) ও বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ মে) চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরীর কাছে চসিক কার্যালয়ে এ সংক্রান্ত পরিকল্পনা তুলে ধরেন বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিনিধিদল।
প্রতিনিধিদলটি সভায় ক্রমান্বয়ে কোরবানির হাটকেন্দ্রিক ডিজিটাল লেনদেন প্রসারে কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনা তুলে ধরেন।
দলটি জানায়, কোরবানির বাজারকে কেন্দ্র করে নগদ লেনদেনের ঝুঁকি নিরসনে এবং সরকারের স্মার্ট বাংলাদেশ নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে চট্টগ্রাম সিটি করপোরেশনের দুটি কোরবানির হাটে ক্যাশলেস দেনদেনের উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ বছর সাগরিকা গরুর বাজার এবং নুর নগর হাউজিং গরুর হাটে ডিজিটাল লেনদেন বুথ থাকবে।
সভায় মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী যে ক্যাশলেস বাংলাদেশ গড়ার পরিকল্পনা গ্রহণ করেছেন তার সঙ্গে সামঞ্জস্য রেখে চট্টগ্রামকে স্মার্ট নগরীতে পরিণত করার কাজ চলমান। এক্ষেত্রে এ ধরনের ডিজিটাল সেবার উদ্যোগ চট্টগ্রামের বিপুল অর্থনৈতিক সম্ভাবনার সুফল ঘরে তুলতে সহায়তা করবে পাশাপাশি অর্থনৈতিক অন্তর্ভুক্তির হারও বৃদ্ধি করবে।’
হাটে ডিজিটাল লেনদেন বুথ চালুর বিষয়ে ভূমি ও বিদ্যুৎসেবা প্রদানের আশ্বাস দেন মেয়র। এ দুটি বুথে এটিএম মেশিন, মোবাইলে আর্থিক লেনদেন সেবা, ডিজিটাল ব্যাংকিং ইত্যাদির সুবিধা উপভোগ করবেন কোরবানির হাটের ক্রেতা-বিক্রেতারা।
সভায় উপস্থিত ছিলেন মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, চসিক প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা হুমায়ুন কবির চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. হাবিবুর রহমান, যুগ্ম-পরিচালক মো. রাশেদুল ইসলাম, জুয়েল মজুমদার, উপ-পরিচালক তানভীর আহমেদ, মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামালসহ বিভিন্ন ব্যাংক ও মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
ইফতেখারুল/ইসরাত চৈতী/