চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে নতুন করে ফেল থেকে পাস করেছে ১০২ পরীক্ষার্থী। এদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছে। ২ হাজার ৬০ জনের ফল পরিবর্তন হয়েছে।
মঙ্গলবার (১১ জুন) চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এ এম এম মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য মোট ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী আবেদন করে। তাদের আবেদনের প্রেক্ষিতে ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণ করা হয়। এরমধ্যে ২ হাজার ৬০ জনের ফল পরিবর্তন হয়েছে। উত্তরপত্র পুনঃনিরীক্ষণে মোট নম্বর বেড়েছে কিন্তু গ্রেড পয়েন্ট বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১ হাজার ১৮৯ জন। আবার গ্রেড পয়েন্ট বেড়েছে এমন পরীক্ষার্থী ৮৭১ জন। গ্রেড পরিবর্তন হয়েছে কিন্তু সিজিপিএ পরিবর্তন হয়নি এমন সংখ্যা ১৬৫। জিপিএ ও সিজিপিএ দুটোই বেড়েছে এমন পরীক্ষার্থীর সংখ্যা ৭০৬ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশিত হয়েছে।
গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। যা গতবার ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। যা গতবার ছিল ১১ হাজার ৪৫০ জন। গতবারের তুলনায় এবার পাসের হার বেড়েছে কিন্তু জিপিএ-৫ কমেছে।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চট্টগ্রাম ছাড়াও কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার শিক্ষার্থীরা পরীক্ষা দেয়। সব মিলিয়ে এবার ১ লাখ ৪৫ হাজার ৫৯০ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। এরমধ্যে পাস করেছেন ১ লাখ ২০ হাজার ৮৭ জন পরীক্ষার্থী। এর আগেরবার পরীক্ষার্থী ছিল ১ লাখ ৫৪ হাজার ৮১৯ জন। প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।