কক্সবাজারে ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ মোহাম্মদ তারেকের (১৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজের ২৮ ঘন্টা পর তার মরদেহ উদ্ধার হলো।
মঙ্গলবার (১৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে শহরের সমিতিপাড়ার নাজিরারটেক কুতুব বাজার পয়েন্টে তার মরদেহ ভেসে আসে। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে।
বিষয়টি খবরের কাগজকে নিশ্চিত করেছেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান।
নিহত তারেক কক্সবাজারের ঈদগাঁও উপজেলার শাহ ফকির বাজার এলাকার মোহাম্মদ জয়নালের ছেলে।
জেলা প্রশাসনের সৈকতকর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান বলেন, গতকাল সোমবার দুপুরে গোসলে নেমে নিখোঁজ হয় তারেক। প্রায় ১০ কিলোমিটার দূরে তার মরদেহ ভেসে উঠে। পুলিশের সহায়তায় আমরা মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুজ্জামান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরনের পোশাক দেখে স্বজনরা তারেকের মরদেহ শনাক্ত করে। পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মুহিববুল্লাহ মুহিব/অমিয়/