চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে মাদার ভ্যাসেল থেকে চুরি করা ১২০০ কেজি গম জব্দ করেছে নৌ-পুলিশ। ওই সময় ইঞ্জিনচালিত একটি কাঠের নৌকা জব্দ করা হয়। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে কর্ণফুলী থানার মেরিন একাডেমি ঘাটসংলগ্ন নদীতে অভিযান চালিয়ে গমগুলো জব্দ করা হয়।
সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. একরাম উল্লাহ খবরের কাগজকে বলেন, চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে থাকা বড় জাহাজ থেকে নাবিকদের ম্যানেজ করে গম নামানো হয়। আমাদের কাছে এমন গোপন তথ্য ছিল। সে হিসেবে আমরা সন্দেহজনক ট্রলারে অভিযান চালিয়ে ১২০০ কেজি গম জব্দ করেছি। এ সময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাইকারবারিরা পালিয়ে যায়। জব্দ করা গমের আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা।
সূত্র জানায়, রাশিয়াসহ বিশ্বে বিভিন্ন দেশ থেকে সরকারি ও বেসরকারিভাবে গম আমদানি করা হয়। সরকারিভাবে আমদানি করা গমগুলো চট্টগ্রামের সাইলোতে রাখা হয়। বড় জাহাজে আসা গম কিছু খালাস করা হয় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে। সেখান থেকে লাইটার জাহাজে গমগুলো চলে যায় দেশের বিভিন্ন স্থানে সরকারি সাইলোতে। বিগত কয়েক বছর ধরে সরকারি গম আমদানি ঠিকাদার প্রতিষ্ঠান থেকে গম ওজনে কম পড়ার অভিযোগ করে আসছিল।