চাঁদপুর শহরে পুলিশের অভিযানে কিশোর গ্যাংয়ের আট সদস্য আটক হয়েছে।
সোমবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাতের নেতৃত্বে চাঁদপুর সদর মডেল থানা এ অভিযান চালায়।
আটকদের মধ্যে শহরের কিশোর গ্যাংয়ের নেতা বাবুরহাট এলাকার শুকুর শেখের ছেলে শামীম শেখ ওরফে মান্না ও মনির মিজির ছেলে তাসফির মিজি রয়েছে। তাদের থেকে ইয়াবা জব্দ করা হয়েছে।
স্থানীয়রা জানান, শহরে প্রায়ই কিশোর গ্যাংকে অস্ত্র হাতে মহড়া দিতে দেখা যায়। শহরের বাসিন্দারা সবসময় আতঙ্কিত থাকেন। রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শহরের ছায়াবাণী এলাকায় কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে কয়েকজন গুরুতর আহত হন।
এ বিষয়ে ইয়াসির আরাফাত বলেন, সন্দেহজনক কয়েক কিশোরকে ধরা হয়েছে। পাশাপাশি মাদকসহ দুজনকে আটক করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, শহরের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে এটি ছিল পুলিশের নিয়মিত অভিযান। আটক কিশোরদের বিষয়ে যাচাই-বাছাই শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং তাদের অভিভাবকদের ডাকা হবে।
তিনি আরও বলেন, অভিযানের সময় আমরা রেললাইন এলাকায় সন্ধ্যার পর কিশোররা যেন আড্ডা না দিতে পারে, সে বিষয়ে স্থানীয়দের সতর্ক করেছি। সেই সঙ্গে শহরের অটোরিকশাস্ট্যান্ডের ব্যবসায়ীদের এ বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
ফয়েজ আহমেদ/সুমন/অমিয়/