চাঁদপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রমে ইলিশ শিকারের দায়ে ১৪ জেলেকে ৬ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া এক জেলেকে দুই হাজার টাকা জরিমানা ও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় ৭ কিশোর জেলেকে মুচলেকা রেখে ছেড়ে দেওয়া হয়।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে কোস্টগার্ডের চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকার।
চাঁদপুর সদর উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- আমির হোসেন গাজী, হারুন ঢালী, মো. জাহাঙ্গীর, রিয়াদ রাঢ়ি, রমজান ব্যাপারী, হৃদয় মোল্লা, রিপন খান, মো. ফয়সাল, জনি ব্যাপারী, আল আমীন মোল্লা, বাদশা হাওলাদার, কিরন খান, ওমর ফারুক রাঢ়ি ও নাজমুল হাসান। জরিমানা করা হয় মো. ইব্রাহিমকে।
সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, ‘জেলা ও উপজেলা টাস্কফোর্স সোমবার (২৮ অক্টোবর) রাত ৮টা থেকে মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ৮টা পর্যন্ত অভয়াশ্রম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২২ জেলেকে আটক করা হয়। সেই সঙ্গে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩ কেজি ইলিশ জব্দ করা হয়। জব্দ কারেন্ট জাল কোস্টগার্ডের চাঁদপুর ষ্টেশনে আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং ইলিশ দুস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।’
নাবিল/সালমান/