চাঁদপুরের হাজীগঞ্জে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের এক হত্যা মামলায় এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
বুধবার (৮ জানুয়ারি) দিবাগত রাতে রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব ও পুলিশের একটি দল।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।
গ্রেপ্তার জসিম উদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান।
জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্রদের আন্দোলনের প্রথম দিন গত বছরের ৪ আগস্ট বিকেলে নিজ বাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতা-কর্মীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় মামলা করেন নিহতের ছেলে হিমেল সরকার।
মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০-২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার আসামি হিসেবে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহিউদ্দিন ফারুক বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে ঢাকা থেকে জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাকে ঢাকা থেকে হাজীগঞ্জ থানায় এনে আদালতে সোপর্দ করা হবে।’
মামলায় অপর আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ফয়েজ/নাবিল/