কক্সবাজারের টেকনাফ সদর ইউনিয়নের গোদারবিল এলাকায় প্রবাসী প্রতিবন্ধী মো. করিমের বাড়িতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে আগুন লেগেছে। এতে প্রায় ৪০-৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজ চলাকালীন মুহূর্তে বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। তখন পরিবারের অধিকাংশ পুরুষ মসজিদে নামাজে ছিলেন, ফলে আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি এবং দ্রুত ছড়িয়ে পড়ে। মো. করিমের স্ত্রী ও শিশুদের জীবন বাঁচানো যায়, তবে ঘরের আসবাবপত্র, নগদ টাকা, মূল্যবান কাগজপত্র, স্বর্ণালঙ্কার ও শিক্ষাসামগ্রীসহ প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে যায়।
করিমের পুত্র আনোয়ার হোসেন বলেন, তার বাবা ৩০ বছরের প্রবাস জীবন শেষে মাত্র ১৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। পুত্র দেলোয়ার হোসেন যোগ করেন, প্রায় ৫ লাখ টাকা নগদ, পরিবারের স্বর্ণালঙ্কার, প্রয়োজনীয় কাগজপত্র ও বাচ্চাদের শিক্ষাসামগ্রী সবই ক্ষতিগ্রস্ত হয়েছে।
টেকনাফ সদর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মৌলভী মো. রফিক জানান, পরিবারটি এখন কেবল পরিহিত কাপড় ছাড়া আর কিছুই হাতে রাখতে পারেনি। করিম দীর্ঘ প্রায় ৩০ বছর প্রবাসে ছিলেন এবং অসুস্থ হয়ে প্যারালাইজড অবস্থায় দেশে ফেরেন।
স্থানীয়রা ও জনপ্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত পরিবারটির জন্য সরকারি ও বেসরকারি সহায়তার আহ্বান জানিয়েছেন। প্রবাসী করিমের পরিবারে মোট ১১ জন সদস্য রয়েছে। অগ্নিকাণ্ডে তারা বর্তমানে মানবেতর জীবনযাপনের আশঙ্কায় রয়েছেন।
শাহীন/মাহফুজ