
আমাদের গাধা
আমাদের গাধা, সে তো আমাদের গাধা,
সারাদিন বাড়িটার পাশে থাকে বাঁধা।
একদিন মাথাব্যথা হলো কী যে তার!
ব্যথায় সে বারেবারে নাড়ে শুধু ঘাড়।
তাই দেখে আম্মুটা খুব চুপিচুপি-
বানিয়েছে লাল হ্যাট, ‘টারবুশ টুপি’!
টুপি পরে খুশি গাধা, বলে ওঠে ‘বাহ’,
বড় সুখে ডাক ছাড়ে ইইইইইই- আহ্!
বুড়ি দিদি
বুড়ি দিদি একটু থামো, তোমার কথা শুনি-
যাচ্ছো কোথায়, সেই কথাটা বলো তো এক্ষুণি।
তারা লালা লালা—
যাচ্ছি দূরে ওই বাগানে, বাগান ভরা ফুলে,
সেখান থেকে আনবো আমি বেগুনি ফুল তুলে।
তারা লালা লালা—
পথ পেরিয়ে যেতে যেতে একটু চলার ফাঁকে,
কার সঙ্গে হলো দেখা, দেখতে পেলে কাকে?
তারা লালা লালা—
যেতে যেতে দেখতে পেলাম পথের পাশে চেয়ে,
যাচ্ছে হেঁটে একজন সে মনখোলা এক মেয়ে।
তারা লালা লালা—
পেস্তাবাদাম, চীনাবাদাম
কাণ্ড কী যে ঘটল সেদিন ছাদের ওপর গেলে,
দমকা বাতাস হঠাৎ আমায় উড়িয়ে দিল ফেলে।
পেলাম ব্যথা বন্ধ হাঁটা, বন্ধ আমার পড়া-
আমায় তখন দেখতে এলেন ডাক্তার নামকরা।
ওষুধ দিলেন পেস্তাবাদাম, চীনাবাদাম, আর-
সঙ্গে দিলেন ‘চেস্টনাট’, কেউ নাম শুনেছ তার?
কবি পরিচিতি
তাঘরিদ নাজ্জার ফিলিস্তিন বংশোদ্ভূত জর্দানি সাহিত্যিক। তিনি ছোটদের জন্য অলঙ্করণসমৃদ্ধ গ্রন্থ ও কিশোরদের জন্য উপন্যাস রচনা করেন। তার কিশোর-উপন্যাস খুব পাঠকপ্রিয়তা পেয়েছে, অন্তর্ভুক্ত হয়েছে বিভিন্ন স্কুলের পাঠ্যসূচিতেও । তার রচিত গ্রন্থ বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছে। অনূদিত হয়েছে ইংরেজি, সুইডিশ, তুর্কি, ফরাসি ও চৈনিক ভাষায়। শিশুসাহিত্যে তার একটি উল্লেখযোগ্য কাজ হলো শিশুতোষ আরবি লোকছড়া সংগ্রহ। এ ছড়াগুলো তিনি গ্রন্থাকারে ও ডিজিটাল মাধ্যমে বর্তমানের আধুনিক শিশুদের কাছে পৌঁছে দিয়েছেন।
কলি