এক চাষির একটি গাধা ছিল। টাকার প্রয়োজন হওয়ায় চাষি আর তার ছেলে গাধাটাকে বিক্রি করার জন্য হাটে নিয়ে যাচ্ছিল। কিছুদূর যাওয়ার পর দেখা গেল কতগুলো ছেলে পথে দাঁড়িয়ে গল্প করছে। চাষি আর তার ছেলেকে গাধা নিয়ে হেঁটে যেতে দেখে তাদের মধ্যে একজন বলে উঠল, আরে আরে দেখেছিস, ওরা কী বোকা। দুজনেই হেঁটে যাচ্ছে, অথচ ওদের মধ্যে একজন গাধার পিঠে দিব্যি চড়ে যেতে পারে।
এই কথা শুনে চাষি তার ছেলেকে গাধার পিঠে চড়িয়ে নিজে পেছন পেছন হেঁটে চলল।
কিছুদূর যাওয়ার পর চাষিটি শুনতে পেল, কয়েকজন বৃদ্ধ পথের ধারে বসে কী নিয়ে যেন তর্ক করছে। চাষি একটু কান পেতে শুনেই বুঝতে পারলেন- বৃদ্ধের মধ্যে একজন বলছেন, দেখ, দেখ, আমি যা বলছিলাম, ঠিক তাই। এই যুগের ছেলেদের তাদের বাপদের ওপর কোনো মায়া-মমতা নেই। নইলে বাপকে হাঁটিয়ে ছেলে গাধায় চড়ে আরাম করে যায়?
তাছাড়া সেই বৃদ্ধটি গাধার পিঠে বসে থাকা ছেলেটাকেও আচ্ছা করে ধমক দিয়ে বলল, লজ্জা করে না তোর? বাপকে হাঁটিয়ে নিজে আরাম করে গাধায় চড়ে যেতে?
ছেলেটি একথায় ভীষণ লজ্জা পেল এবং গাধার পিঠ থেকে নেমে বাবাকে গাধার পিঠে চড়িয়ে দিল।
কিছুদূর যাওয়ার পর তাদের সামনে পড়ল কয়েকজন নারী। তাদের মধ্যে একজন বলল, দেখছিস বুড়োটার কী আক্কেল। নিজে আরামে গাধার পিঠে বসে আছে, আর ছেলেটাকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে।
এবার চাষি খুবই লজ্জা পেল। এবার সে নিজে গাধা পিঠে উঠল এবং ছেলেকে ও গাধার পিঠে উঠিয়ে নিল।
এরপর বাবা-ছেলে দুজনেই গাধার পিঠে চড়ে কিছুদূর যাওয়ার পর তাদের সামনে পড়ল একজন লম্বা লোক। লোকটি চাষি ও তার ছেলেকে ওভাবে গাধার পিঠে চড়ে যেতে দেখে ক্রূর দৃষ্টিতে চেয়ে বলল, শোনো চাষি এই গাধাটা কার?
চাষি: কেন, এ গাধাটা তো আমার।
লোকটি: তা তো মনে হচ্ছে না।
চাষি: কেন?
এরপর লোকটি বলল, তোমার গাধা হলে এই অবলা জীবটির ওপর তোমার একটু হলেও মায়া দয়া থাকত। এমন নিরীহ জীবের ওপর তোমরা দুজন চড়ে যাচ্ছো, এতে ওর কষ্ট হয় না? যে কষ্ট তোমরা এতক্ষণ এই অবলা নিরীহ জীবটিকে দিয়েছো তার জন্য তোমাদের এখন প্রায়শ্চিত্ত করা উচিত। এখন একেই তোমাদের কাঁধে করে বয়ে নিয়ে যাওয়া উচিত।
লোকটার কথায় বাপ ও ছেলে দুজনেই গাধার পিঠ থেকে নেমে একটি দড়ি দিয়ে গাধার পা বেঁধে পায়ের ভেতর বাঁশ চালিয়ে দিয়ে দুজনে তাকে কাঁধে করে নিয়ে চলল।
হাটে যাওয়ার পথে পড়ল একটা খাল। সেই খালের ওপর একটা সাঁকো ছিল। বাবা আর ছেলে গাধা কাঁধে করে ওই সাঁকোর ওপর উঠতেই হাটের বহু লোক তাদের এই কাণ্ড দেখে এমন হাসি-ঠাট্টা হট্টগোল শুরু করল যে, তা শুনে গাধাটা ভয় পেয়ে পা ছুটতে শুরু করতেই পায়ের দড়িটা গেল ছিঁড়ে। আর সঙ্গে সঙ্গে গাধাটা খালে পড়ে গিয়ে ডুবে মারা গেল।
চাষি এবার কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। নিজেকে সামলে নেওয়ার পর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, যে যা বলেছে তাই শুনে আমি তাদের সন্তুষ্ট করতে গেছি, কিন্তু কাউকেই তুষ্ট করতে পারিনি। মাঝখান থেকে আমার গাধাটা মরে গেল।
গল্পটির উপদেশ: সবাইকে সন্তুষ্ট করতে গেলে নিজেরই ক্ষতি হয়।