নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মূল্যায়নের জন্য তৈরি ‘নৈপুণ্য’ অ্যাপের উদ্বোধন করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বুধবার (৮ নভেম্বর) রাতে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে তিনি এই অ্যাপসের উদ্বোধন করেন।
শিক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্বের প্রায় সব দেশেই মূল্যায়নভিত্তিক শিক্ষায় জোর দেওয়া হচ্ছে। এখন সবাই পরীক্ষা নির্ভরতা থেকে বের হয়ে এ ধারায় আসছে। আমাদেরও তাই নতুন শিক্ষাক্রম নিয়ে কাজ করতে হবে। নতুন শিক্ষাক্রম অনুযায়ী শিক্ষা চার দেয়ালে সীমাবদ্ধ থাকছে না।’
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জোনাইদ আহমেদ পলক বলেন, ‘বর্তমানে ৫ কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে, তারা ১৮ বছর পর স্মার্ট বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের যদি আমরা দক্ষ করে গড়ে তুলতে না পারি, তাহলে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে তাদের খাপ খাওয়ানো কঠিন হয়ে পড়বে।’
শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেন, ‘আমাদের প্রচলিত শিক্ষা কাঠামো পরীক্ষা নির্ভরতা ছিল। ফলে শিক্ষার্থীদের মাঝে ফলাফল নির্ভরতা ছিল। এবারের নতুন শিক্ষাক্রমে ফলাফল নির্ভরতা রাখা হয়নি। নতুন শিক্ষাক্রমে আরও বেশি শিখতে পারবে।’
এ সময় শিক্ষাবিদ অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সংসদ সদস্য মোহাম্মদ এ আরাফাত এবং জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন উপস্থিত ছিলেন।
আ.রহিম