সরকারি কর্ম কমিশনের (পিএসসি) ৪৩তম বিসিএস এ নন-ক্যাডার বিজ্ঞপ্তি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন পরীক্ষায় অংশগ্রহণকারী ফলপ্রত্যাশীরা।
শুক্রবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মানববন্ধন থেকে এ অসন্তোষ প্রকাশ করা হয়।
পিএসসি ৪৩তম বিসিএস এ নন-ক্যাডার থেকে ১ হাজার ৩৪২ টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করে বৃহস্পতিবার। ৪৩তম বিসিএস ফলাফল প্রত্যাশীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে ঘোষিত বিজ্ঞপ্তি বাতিল করে অধিক সংখ্যক প্রার্থীকে সুপারিশের দাবি জানানো হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, ৪১তম বিসিএসে নন-ক্যাডারের বিজ্ঞপ্তিতে পদ ছিল ৪ হাজার ৫৩টি। এখানে ৩ হাজার ১৬৪ জনকে নিয়োগের সুপারিশ করা হয়। বাকি পদগুলো টেকনিক্যাল হওয়ায় যোগ্য প্রার্থীর অভাবে ফেরত যায়। আর ৪৩ বিসিএস নন-ক্যাডার বিজ্ঞপ্তিতে পদ মাত্র ১ হাজার ৩৪২টি। যেখানে সাধারণ প্রার্থীদের জন্য বরাদ্দ আছে মাত্র ৩৬০টি পদ।
মানবন্ধনে ঢাবির সাবেক শিক্ষার্থী নাসির উদ্দীন বলেন, ৩৬০টি জেনারেল পদের মধ্যে ২৭৯টি পদ ১২ গ্রেডের। ১৫০০ নম্বরের বিসিএস পাশ করে ১২ গ্রেডের চাকরিও হচ্ছে না।
ফল প্রত্যাশী হাসানুর রহমান বলেন, ৪৩ বিসিএস নন-ক্যাডারের ১ হাজার ৩৪২ পদের মধ্যে ৮৮৮টি পদই ৪১তম থেকে ফেরত আসা পদ৷ যোগ্য প্রার্থী না পাওয়ায় সেগুলো খালি ছিল। যা ৪৩বিসিএসে দেওয়া হয়েছে। সে হিসাবে আমাদের জন্য নতুন পদ এসেছে মাত্র ৩৫৪টি৷ আমরা কোনোভাবেই এটা মানতে পারছি না। আমরা আমাদের আস্থার জায়গা পিএসসিকে সিদ্ধান্ত পূনর্মূল্যায়নের দাবি জানাচ্ছি।
৪৩ তম বিসিএস লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৯ হাজার ৮৪১ জন।এ বিসিএসে বিভিন্ন ক্যাডারে নিয়োগ পাবে ১ হাজার ৮১৪ জন।