উৎসব-উচ্ছ্বাসে প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী পালন করেছে টাইনি টটস ও সামারফিল্ড স্কুল। এ উপলক্ষে শুক্রবার (২ ফেব্রুয়ারি) রাজধানীর আর্মি স্টেডিয়ামে করা হয় নানা আয়োজন। উৎসবের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম মাকসুদ কামাল। এসময় তিনি স্কুলের সাফল্য কামনা করেন।
বিশেষ অতিথি প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক ও সাহিত্যিক আনিসুল হক বলেন, এ শিক্ষাপ্রতিষ্ঠান গৌরবের সঙ্গে ৫০ বছর ধরে শিক্ষা দিচ্ছে। এটা অনেক বড় ঘটনা। এ প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা। শিক্ষার্থীরা সংস্কৃতিচর্চার যে নিদর্শন তারা দেখিয়েছে, তা খুব ভালো লেগেছে।
বিদ্যালয়ের অধ্যক্ষ আঞ্জুম হুসেইন বলেন, পারিবারিকভাবেই শিক্ষাকে তারা প্রাধান্য দিয়েছেন। শিক্ষার মাধ্যমে শুধু কিছু অর্জন করা নয় বরং একজন ভালো মানুষ হিসেবে গড়ে ওঠা বেশি গুরুত্বপূর্ণ। যিনি সমাজে অবদান রাখবেন।
সামারফিল্ড স্কুলের শিক্ষার্থীদের সাংস্কৃতিক পরিবেশনা।
অনুষ্ঠান উপলক্ষে সকাল থেকেই বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা আসতে শুরু করেন। আমন্ত্রিত অতিথিদের আগমনে অনুষ্ঠানস্থল পরিণত হয় মিলনমেলায়। লালচে কমলা রঙের নির্দিষ্ট পোশাক পরে ঘুরে বেড়িয়েছেন তারা। মা-বাবার হাত ধরে আসা ছোট্ট শিশু শিক্ষার্থীরা ট্রামপোলিনে লাফালাফি করছে। অনেকে ওঠার জন্য লাইন ধরেছেন। ফুল, ব্যানার, ফেস্টুন, রঙিন কাগজ আর শিক্ষার্থীদের নানা পরিবেশনায় মুখর হয়ে ওঠে আর্মি স্টেডিয়াম। একতা আর সম্প্রীতির বার্তা নিয়ে স্কুলের শিক্ষার্থীরা পরিবেশন করে হাজারো কণ্ঠে সমবেত সংগীত। অনুষ্ঠানে ছিল হরেকরকম খাবারের স্টল। সেখানেও ছিল ভিড়। শিক্ষার্থীদের জন্য ছিল খেলনা গাড়ি, ট্রেনসহ নানারকম রাইড। ছিল ম্যাজিক শো-ও।
অপরদিকে ভাষার মাস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বিশেষ একটি পরিবেশনা করে সামারফিল্ডের শিক্ষার্থীরা। এছাড়া দেওয়া হয় শিক্ষকদের সম্মাননা। বিকালে অনুষ্ঠিত হয় স্কুল নিয়ে লেজার শো, তথ্যচিত্র। স্মৃতিচারণায় অংশ নেন প্রাক্তন শিক্ষার্থীরা। সন্ধ্যায় শুরু হয় কনসার্ট। এতে সংগীত পরিবেশ করেন হাবিব ওয়াহিদ, প্রীতম হাসান এবং নেমিসিস ব্যান্ড।