ভারতের উত্তরপ্রদেশের ঝাসিতে একটি হাসপাতালে আগুন লেগে ১০ শিশু দগ্ধ হয়ে মারা গেছে।
শুক্রবার (১৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটের দিকে মহারানি লক্ষ্মীবাই মেডিকেল কলেজের নিওন্যাটাল আইসিইউ বিভাগে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।
আগুন ছড়িয়ে পড়লে হাসপাতালের চিকিৎসক ও কর্মচারীরা জানালা ভেঙে রোগীদের উদ্ধার করতে শুরু করেন। পরে ফায়ার ব্রিগেড এসে আগুণ নিয়ন্ত্রণে আনে। উদ্ধারকাজে স্থানীয় পুলিশের একটি দলও সহায়তা করেছে।
ঝাসির জেলা প্রশাসক অভিনাশ কুমার জানান, ৩৭টি শিশুকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। শর্টসার্কিটের কারণে বাচ্চাদের ওয়ার্ডে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে।
ঘটনা তদন্ত করতে কমিটি গঠন করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বেশিরভাগ শিশুকে নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা সম্ভব হলেও ১০টি শিশু দগ্ধ হয়ে প্রাণ হারিয়েছে।
এদিকে দগ্ধ হয়ে ১০ শিশুর মৃত্যুর কথা উল্লেখ করে উত্তরপ্রদেশের ডেপুটি চিফ মিনিস্টার ও মিনিস্টার অব মেডিকেল এডুকেশন ব্রজেশ পাঠক জানান, সাতটি শিশুর পরিচয় শনাক্ত করা গেছে।
মর্মান্তিক এ ঘটনায় ভুক্তভোগী স্বজনদের আহাজারিতে ঘটনাস্থল ভারাক্রান্ত হয়ে ওঠে। ‘আমার ছোট্ট বাচ্চাটা পুড়ে ছাই হয়ে গেছে’ সন্তান হারিয়ে এক মাকে তার বেদনা প্রকাশ করতে দেখা গেছে।
উত্তর প্রদেশের চিফ মিনিস্টার ইয়োগি আদিনাথ এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে তিনি লিখেছেন- ‘স্রষ্টার কাছে প্রার্থনা, ভুক্তভোগী শিশুদের আত্মা মুক্তি পাক এবং স্বজনরা এই কষ্ট সয়ে নেওয়ার শক্তি যেন পান।’
এ ছাড়া প্রত্যেক মৃত শিশুর পরিবারকে ১০ লাখ ও আহত শিশুর স্বজনদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষনা করেন তিনি। সূত্র: এনডিটিভি
নাইমুর/অমিয়/