সর্বোচ্চ আদালতের আদেশ অমান্য করায় নিঃশর্ত ক্ষমা চেয়েছেন আইজি প্রিজন্স ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী। আপিল বিভাগের তলবে সাড়া দিয়ে তারা সোমবার (৪ ডিসেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চে স্বশরীরে হাজির হয়ে ক্ষমা চান।
এরপর আদালত তাদের ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে পূর্ণাঙ্গভাবে আদেশ বাস্তবায়নের জন্য আগামী ৪ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দেন। শুনানিতে আদালত অবমাননা আবেদনের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন ব্যারিস্টার মো. ইব্রাহিম খলিল। আইজি প্রিজন্স ও সুরক্ষা সচিবের পক্ষে ছিলেন অ্যাডভোকেট শফিকুল ইসলাম।
গত বছরের ৭ এপ্রিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এক রায়ে কারা বিভাগের ছয়জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দিয়ে সিনিয়র জেল সুপার পদে পদোন্নতি দেওয়ার নির্দেশ দেন। ছয় কর্মকর্তা হলেন মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া, ইকবাল কবির চৌধুরী, মো. আনোয়ারুজ্জামান, মনির আহমেদ, মো. বজলুর রশিদ আকন্দ ও মো. নুরুননবী ভূঁইয়া।
দেড় বছর পেরিয়ে গেলেও আপিল বিভাগের রায় বাস্তবায়ন হয়নি। ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের সচিব ও আইজি প্রিজন্সের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে আপিল বিভাগে আবেদন করা হয়। আবেদনের শুনানি নিয়ে গত ৬ নভেম্বর পদোন্নতির রায় বাস্তবায়নের জন্য বিবাদীদের দুই সপ্তাহ সময় দেন সর্বোচ্চ আদালত। দুই সপ্তাহ পার হওয়ার পর বিষয়টি ২০ নভেম্বর শুনানি হয়। শুনানিতে বিবাদীদের পক্ষ থেকে আদালতকে জানানো হয়, ‘আবেদনকারীদের পদোন্নতি দেওয়ার সুযোগ নেই।’ এ অবস্থায় তাদের তলব করেন আদালত।
এমএ/