অবৈধ উপায়ে ৬৪ কোটি ২৩ লাখ টাকার সম্পদ অর্জন ও ৩ হাজার ২২২ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে ৩টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সব মামলাতেই নসরুল হামিদকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলা তিনটি করেন সংস্থাটির উপপরিচালক মো. মোস্তাফিজুর রহমান, কমলেশ মণ্ডল ও সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম।
নসরুল হামিদের বিরুদ্ধে করা এজাহারে বলা হয়, তিনি সরকারের প্রতিমন্ত্রী পদে থেকে অবৈধ উপায়ে ৩৬ কোটি ৩৬ লাখ ৯৯ হাজার ৬৫৭ টাকার অর্থ-সম্পদ অর্জন করেন। এ ছাড়া তার ৯৮টি ব্যাংক অ্যাকাউন্টে ৩ হাজার ১৮১ কোটি ৫৮ লাখ ৮৩ হাজার ৩১৩ টাকার অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ।
আরেক মামলায় তার স্ত্রী সীমা হামিদের বিরুদ্ধে ৬ কোটি ৯৮ লাখ ৫৪ হাজার ৯৬৪ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। সীমা হামিদের ২০টি ব্যাংক অ্যাকাউন্টে ১২ কোটি ৭৭ লাখ ৮৬ হাজার ৬৯৯ টাকা অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে, যা মানি লন্ডারিং আইনে শাস্তিযোগ্য অপরাধ। সীমা হামিদের এই অবৈধ সম্পদ অর্জন ও মানি লল্ডারিং অপরাধে সহযোগিতার অভিযোগে নসরুল হামিদকেও আসামি করা হয়েছে।
অপর মামলায় ছেলে জারিফ হামিদের বিরুদ্ধে ২০ কোটি ৮৭ লাখ ৬৬ হাজার ২০ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। জারিফের ২০টি ব্যাংক অ্যাকাউন্টে সন্দেহজনক লেনদেন হয়েছে ২৭ কোটি ৭১ লাখ ৭৩ হাজার ৯৩১ টাকা। এই অপকর্মে ছেলেকে সরাসরি সহযোগিতা করেছেন নসরুল হামিদ। এ কারণে তাকেও আসামির তালিকায় আনা হয়েছে।
অবৈধ উপায়ে সম্পদ ও অর্থ পাচারের অভিযোগে গত ২২ আগস্ট নসরুল হামিদ ও তার স্ত্রী-সন্তানের বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। অনুসন্ধান পরিচালনায় দুদকের উপপরিচালক মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের একটি বিশেষ টিম গঠন করা হয়। টিমের অপর সদস্যরা হলেন উপপরিচালক কমলেশ মণ্ডল, সহকারী পরিচালক মিনহাজ বিন ইসলাম, আল আমিন ও খোরশেদ আলম। একই দিন ঢাকার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ, র্যাব ও সেনাবাহিনীর যৌথ টিম নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালায়। এ সময় নসরুল হামিদের ‘প্রিয় প্রাঙ্গণ’ নামে ভবনের ভেতর থেকে বেশ কয়েকটি ভল্টে থাকা নগদ অর্থ ও বৈদেশিক মুদ্রা (প্রায় ১০ লাখ টাকা ও ২০০ তুর্কি মুদ্রা) এবং অস্ত্র-গুলিসহ বিভিন্ন অবৈধ সামগ্রী জব্দ করা হয়।
গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর থেকে আত্মগোপনে আছেন নসরুল হামিদ বিপু।
মাহফুজ