কোনো ব্যক্তির দায় বাহিনী নেবে না বলে জানিয়েছেন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
তিনি বলেন, ‘স্পষ্ট করে বলতে চাই, কখনো কোনো ব্যক্তির অপকর্মের দায় বাংলাদেশ পুলিশ বাহিনী নেবে না। যেকোনো ক্ষেত্রে অপরাধের খবর পাওয়া গেলে তা আমলে নিয়ে ব্যবস্থা নেওয়া হয়। কোনো কিছুকে আমরা খাটো করে দেখি না। ফলে এই ইস্যুতেও (বেনজীর) যেভাবে তদন্ত চলছে সেভাবেই এটি নিষ্পত্তি করা হবে।’
মঙ্গলবার (২ জুলাই) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে আইজিপি বলেন, ‘অপরাধীদের অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমরা পুলিশ বাহিনীকেও আধুনিকায়ন করছি। অত্যাধুনিক সরঞ্জাম ও মানবসম্পদ বাহিনীতে যুক্ত করা হচ্ছে। উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সব প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ বাহিনী গৌরবের সঙ্গে পেশাদারি বজায় রেখে দেশের স্বার্থে কাজ করে যাচ্ছে। কোনো ব্যক্তিবিশেষের দায় পুলিশ বাহিনীর ওপর পড়বে না।’
পুলিশের শুদ্ধি অভিযান প্রসঙ্গে তিনি বলেন, ‘পুলিশ বসে নেই, তারা কাজ করছে। কারও বিরুদ্ধে কোনো অভিযোগ এলেই পুলিশ তদন্তে নামে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়।’
মঙ্গলবার সকালে রাজশাহীতে গুঁড়িগুঁড়ি বৃষ্টির মধ্যে র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনাসভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আরএমপির ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
বেলুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন পুলিশপ্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এরপর র্যালিতেও অংশ নেন তিনি।
সোমবার (১ জুলাই) সন্ধ্যায় আরএমপি সদর দপ্তরে ‘বঙ্গবন্ধু কর্নার’ উদ্বোধন করেন চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম।
এ সময় সঙ্গে ছিলেন আরএমপির কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, বিপিএম।
এনায়েত করিম/সাদিয়া নাহার/অমিয়/