একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, এই সরকারকে সেই যৌক্তিক সময় দেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টায় কুষ্টিয়ার মোল্লা তেঘরিয়ায় আব্দুল ওয়াহিদ রাহি অডিটোরিয়ামে রুকন সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এ সময় তিনি বলেন, যৌক্তিক সময় বলতে আমরা বুঝিয়েছি যে, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার, সেই সময়টুকু। সব মানুষ নির্বিঘ্নে ভোট দিতে পারবে। আর তফসিল ঘোষণা হলেই জামায়াত নির্বাচনের ইশতেহার ঘোষণা করতে প্রস্তুত রয়েছে।
ফ্যাসিবাদের দীর্ঘ ১৫ বছরে রাষ্ট্রের সব অঙ্গ অপরাধে অপবিত্র হয়ে গিয়েছিল। অপরাধ, খুন, অর্থ পাচার, লুটপাট, চাঁদাবাজি ও মাস্তানির মাস্টারমাইন্ড ছিলেন ফ্যাসিবাদ শাসক শেখ হাসিনা।
জামায়াতের এই নেতা বলেন, ফ্যাসিবাদের বিদায়ের কেবল তিন মাস হয়েছে। কিন্তু অপরাধপ্রবণতা ১০০ ভাগ বিদায় হয়নি। এখনো অপরাধ হচ্ছে। জামায়াতে ইসলামী অন্যায়কে প্রশ্রয় দেয় না। এ বিষয়গুলো আইন-শৃঙ্খলা বাহিনীকে বলেছি। অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান সব সময় দৃঢ় থাকবে। আমাদের লক্ষ্য হচ্ছে আল্লাহতায়ালার বিধান এবং নবীর আদর্শে একটি কল্যাণকর রাষ্ট্র কায়েম করা। সেই রাষ্ট্রে সব ধর্ম-বর্ণের মানুষের কল্যাণ থাকবে।
কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন।
মিলন উল্লাহ/মেহেদী/অমিয়/