’আওয়ামী লীগের জন্ম দিল্লিতে, দাফনও হয়েছে সেখানেই। এক হাজারের বেশি মানুষকে মেরে গণহত্যা চালিয়ে পালিয়ে যাওয়া দলের কাছে বাংলাদেশের সার্বভৌমত্ব কখনো নিরাপদ থাকতে পারে না বলে মন্তব্য করেন, জাতীয় নাগরিক কমিটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (০৯ জুলাই) রাত ৯টার দিকে পাবনার চাটমোহরে জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
সারজিস আলম বলেন, ’বিগত ১৬ বছর প্রশাসন দলীয়করণের শিকার হয়েও শেষ রক্ষা করতে পারেনি শেখ হাসিনাকে। তিনি বাধ্য হয়েছেন পালাতে। নিজে ধ্বংস হওয়ার পাশাপাশি তিনি দলকেও ধ্বংস করেছেন।’
প্রশাসন ও পুলিশ বাহিনীকে জনগণের এবং দেশের সার্বভৌমত্বের প্রতীক হয়ে ওঠার আহ্বান জানান সারজিস আলম।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশের বর্তমান ব্যবস্থায় দালাল ধরা, ঘুষ দেওয়া কিংবা প্রভাবশালী কাউকে দিয়ে ফোন করানো ছাড়া সাধারণ মানুষের কোনো সেবা বা অধিকার পাওয়ার উপায় নেই। ক্ষমতাবানরা ঠিকই নিয়ম ভেঙে নিজেদের স্বার্থ উদ্ধার করে নিচ্ছেন। অন্যদিকে হাজারো সাধারণ মানুষ একটুখানি সেবা বা অধিকার পাওয়ার জন্য দেয়ালে মাথা ঠুকে মরছেন। এটা কোনো সিস্টেম হতে পারে না। অন্তত একটা স্বাধীন, সার্বভৌম ও কল্যাণকর রাষ্ট্রের চিত্র এমন হওয়া উচিত নয়।’
এনসিপির বিরুদ্ধে তোলা অর্থ আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে সারজিস আলম বলেন, এনসিপির নেতাদের বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের যে অভিযোগ করা হচ্ছে, তার কোনো প্রমাণ দেখানো হয়নি। এসব অভিযোগকে তিনি রাজনৈতিক অপপ্রচার বলে দাবি করেন।
নিজেদের মন মগজ বিবেকবোধ বিসর্জন না দেওয়ার আহ্বান জানিয়ে সারজিস আলম বলেন, সবার আগে সিস্টেমের পরিবর্তন লাগবে। আমাদের ফাইট হলো ভাল মন্দের ফাইট, জালিম মজলুমের ফাইট, ন্যায় অন্যায়ের ফাইট। কারা চাঁদাবাজি করে, কারা মাদক ব্যবসাকে শেল্টার দিচ্ছে, কারা অন্যায় করছে সেটা ভেবেচিন্তে ভালোর পক্ষে ভোট দিতে হবে। সেখানে যদি এনসিপি ভালোটা ধারণ না করে তাদের ভোট দেয়ার দরকার নাই। সব জায়গায় আলোচনা শুরু হোক, আগামীদিনে ভোটটা হবে ভালো মানুষের পক্ষে।
সমাবেশে এনসিপির যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ বলেন, ’‘ফ্যাসিস্ট হাসিনা দিল্লিতে বসে নানাভাবে হুমকি দিলেও এদেশের তরুণরা তাকে আর ভয় পায় না হাসিনার দিন শেষ।
জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) পাবনা জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশ এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, জুলাই আন্দোলনের পাবনার সমন্বয়ক বরকতুল্লাহ ফাহাদ এবং চাটমোহর উপজেলা এনসিপির সদস্য সচিব খায়রুল ইসলামসহ আরও অনেকে। সমাবেশ শেষে চাটমোহর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে জেলা এনসিপির আহ্বায়ক খন্দকার আক্তার হোসেন লেবুকে সবার সামনে পরিচয় করিয়ে দেওয়া হয়।
জাতীয় নাগরিক কমিটির নেতারা চাটমোহর সরকারি কলেজ গেট থেকে মিছিল সহকারে পদযাত্রা নিয়ে চাটমোহর বালুচর খেলার মাঠে সমাবেশস্থলে পৌঁছান। বৃষ্টির কারণে সমাবেশ শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়।
আমিনুল জুয়েল/খাদিজা রুমি/