গণমানুষের ৫ দফা দাবি মেনে না নিলে কোন কোন উপদেষ্টা একটি দলের এজেন্ডা বাস্তবায়নে কাজ করছে তাদের নাম জনসমক্ষে প্রকাশ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
মঙ্গলবার (১৪ অক্টোবর) পিআর পদ্ধতি চালু ও জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনসহ অভিন্ন ৫ দফা দাবিতে ঢাকার যাত্রাবাড়ী থেকে গাবতলী (আমিন বাজার) পর্যন্ত ২০ কিলোমিটার পযন্ত মানববন্ধন করেছে ৭টি রাজনেতিক দল।
দলগুলো হলো- জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা), খেলাফত আন্দোলন ও নেজামে ইসলাম পার্টি।
রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত তারা পৃথকভাবে এই মানববন্ধন করেছে।
মৎস্য ভবনের সামনে মানববন্ধনে অংশ নিয়ে জামায়াতের নায়েবে আমির ডা. তাহের বলেন, ‘হাজার হাজার মানুষ সড়কে দাঁড়িয়ে মানববন্ধন করার পরও যদি সরকার জনগণের চোখ ও মুখের ভাষা না বোঝে, তবে সরকার যেই ভাষা বুঝতে চায়- সেই ভাষায় দাবি আদায় করা হবে। সরকার যদি রাজপথ উত্তাল দেখতে চায়, তবে জামায়াতে ইসলামী ইচ্ছার বিরুদ্ধেও সেই কর্মসূচিতে যেতে বাধ্য হবে।’
নভেম্বরের মধ্যে গণভোট এবং ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনের আয়োজন করতে হবে- উল্লেখ করে তিনি বলেন, ‘গণভোট জাতীয় নির্বাচনের টেস্ট ম্যাচ হতে পারে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম প্রমুখ।
ঢাকার গাবতলী থেকে শাহবাগ পর্যন্ত মানববন্ধনে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও শাহবাগ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণের নেতারা অংশ নেন।
মতিঝিলের শাপলা চত্বরে মানববন্ধনে দলটির যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘পিআর নিয়ে আলোচনায় প্রধান নির্বাচন কমিশনারসহ অনেকেই সংবিধানের দোহাই দেন। জুলাই সনদের অনেক বিষয়ও তো সংবিধানে নেই। সংবিধানের দোহাই দিয়ে মৌলিক সংস্কারকে বাধাগ্রস্ত করা যাবে না, জুলাই অভ্যুত্থানের চেতনাকে হত্যা করা যাবে না। সংবিধানের দোহাই দিয়ে যেন-তেন নির্বাচন জাতি মেনে নেবে না।’
প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে জাগপার সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান বলেন, ‘জুলাই জাতীয় সনদ নিয়ে হেলাফেলা করা যাবে না। অন্তর্বর্তী সরকারকে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে। জাতীয় নির্বাচনের আগেই গণভোট আয়োজন করতে হবে। গণভোটে পিআর পদ্ধতির পক্ষে বিপক্ষে প্রশ্ন রাখুন। দেশের জনগণ যে রায় দেবে, সেটাই মাথা পেতে নেব।’
অন্য তিন দাবি হলো- অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ; ফ্যাসিস্ট সরকারের জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা; স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
এ ছাড়া শাহবাগ মোড়ে খেলাফত আন্দোলন, দৈনিক বাংলা মোড় ও মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিস, পুরানা পল্টনে খেলাফত মজলিসের নেতা-কর্মীরা মানববন্ধন করেন।
শফিকুল/এসজি/