টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দারুণ খেলছে ভারত। টানা দুই ম্যাচ জিতে ‘এ’ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রোহিত শর্মার দল। একই মেরুতে অবস্থান স্বাগতিক যুক্তরাষ্ট্রের। ভারতের মতো তারাও গ্রুপ পর্বে টানা দুই ম্যাচে প্রতিপক্ষকে পরাজিত করেছে। ‘এ’ গ্রুপের দুই সেরা দল ভারত এবং যুক্তরাষ্ট্র আজ পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে। নিউইয়র্কের নাসাউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় মুখোমুখি হবে দুদল। আজ যে জিতবে তারা শুধু পয়েন্ট টেবিলের শীর্ষেই থাকবে না, সুপার এইট পর্বও নিশ্চিত করবে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচ দুদলই জয় ভিন্ন বিকল্প ভাবছে না।
প্রথমবারের মতো বিশ্বকাপেই নয়, আন্তর্জাতিক কোনো ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং যুক্তরাষ্ট্র। অথচ দুদলের ক্রিকেট ইতিহাস, ক্রিকেট অবকাঠামো বেশ পুরোনো। ভারত বিশ্বের শক্তিধর ক্রিকেট দেশগুলোর একটি। সাফল্যেও অনেক এগিয়ে। আইসিসির এহেন কোনো ইভেন্ট নেই যেখানে সাফল্যের স্মারক নেই তাদের। অপরদিকে যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো বিশ্বকাপে খেললেও দলটি কিন্তু বেশ পুরোনো। তাদের জাতীয় দলের বয়স প্রায় ৬০ বছর। ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্র জাতীয় দল গঠিত হয়। তবে এতদিন বিশ্বকাপে খেলার সুযোগ না পেলেও এবার ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে যৌথ আয়োজক হওয়ার সুবাদে মিলেছে টি-টোয়েন্ট বিশ্বকাপের টিকিট।
স্বাগতিক হওয়ার সুবিধা বেশ ভালোভাবে কাজে লাগাচ্ছেন মোনাঙ্ক প্যাটেল, নেত্রভালকার, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসনদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আইসিসির আরেক সহযোগী রাষ্ট্র কানাডার মুখোমুখি হয় দলটি। প্রথম ম্যাচে বড় স্কোর তাড়া করে জয় তুলে নেয় যুক্তরাষ্ট্র। এরপর ক্রিকেট-কুলীন পাকিস্তানের মুখোমুখি হয়ে যা করেছে তা মার্কিনিদের ক্রিকেট ইতিহাসের সেরা ঘটনায় রূপ পেয়েছে। পাকিস্তানের মতো ফেবারিট দল যারা আবার গত বিশ্বকাপের রানার্সআপও। সেই দলকে সুপার ওভারে ৫ রানের ব্যবধানে হারিয়ে বীরত্বপূর্ণ এক জয় তুলে নেয় মার্কিনিরা। এমন জয়ের পর পুরো ক্রিকেট বিশ্বে প্রশংসায় ভাসছেন মোনাঙ্ক বাহিনী।
চলমান টি-টোয়েন্ট বিশ্বকাপে ভারত তাদের প্রথম ম্যাচটি খেলে আয়ারল্যান্ডের বিরুদ্ধে। রোহিত শর্মা শুধু দলকে সামনে থেকে নেতৃত্বই দেননি এমনকি ওই ম্যাচে দারুণ এক অর্ধশতক হাঁকিয়ে দলের জয়ে অবদানও রেখেছেন। গ্রুপ পর্বে এরপর ভারত মুখোমুখি হয় চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। লো-স্কোরিং ম্যাচটি ৬ রানের ব্যবধানে জিতে বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয় তারা। টানা দুই জয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে এখন রাহুল দ্রাবিড়ের শিষ্যরা। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ম্যাচেও জয় চায় দলটি। তবে দলের সেরা তারকাদের বিশেষ করে বিরাট কোহলি, সূর্যকুমার, হার্দিক, জাদেজাদের বাজে ব্যাটিং চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। মার্কিনিদের বিরুদ্ধে জিততে হলে ব্যাটিংটা ঠিকঠাক চাই ভারতের। নইলে অঘটনের বিশ্বকাপে আরেকটা ঘটনের সাক্ষী হওয়া কেবল সময়ের ব্যাপার!
ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচ ছাপিয়ে তুমুল আলোচনাতে রয়েছে নিউইয়র্কের নাসাউ ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। ড্রপ-ইন পিচে কোনো দলই তেমন সুবিধা করতে পারছে না। বেশির ভাগ ম্যাচই হচ্ছে লো-স্কোরিং। সবশেষ দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ ম্যাচেও দর্শকরা দুদলের ব্যাটিং দেখে হতাশা প্রকাশ করেছেন। দুদল মিলে দুই ইনিংসে ২২২ রান তুলতে সমর্থ হয়। এই উইকেটে শুরুতে বোলিং নেওয়া দল সুবিধা পাচ্ছে। বোলারদের তাণ্ডবে বাঘা বাঘা ব্যাটারও খাবি খাচ্ছেন। আজ ভারত-যুক্তরাষ্ট্রের ম্যাচে কেমন স্কোর হয়? রোহিত, কোহলি, অ্যারন জোনস, মোনাঙ্ক প্যাটেলরা তাদের ব্যাটিংয়ে সমর্থকদের মন কতটা ভরাতে পারেন এখন সেটাই দেখার।
সম্ভাব্য একাদশ
ভারত : রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত, শিভাম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, জাসপ্রিত বুমরাহ, অক্ষর প্যাটেল, অর্শদ্বীপ সিং এবং মোহাম্মদ সিরাজ।
যুক্তরাষ্ট্র : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যান্ড্রিয়েস গাউস, অ্যারন জোন্স, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, নিতিশ কুমার, আলী খান, জেসদ্বীপ সিং, সৌরভ নেত্রভালকার, নোসথাস কেনজিগে।