লিওনেল মেসিকে ক্ষমা চাইতে বলে চাকরি হারিয়েছেন আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টস জুলিও গারো। কোপা আমেরিকা জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের পোস্ট করা লাইভে বর্ণবাদী গান নিয়েই তৈরি হয় এই ঘটনা।
পোস্ট করা সেই লাইভে দেখা যায় আর্জেন্টিনার খেলোয়াড়রা যেই গান গাচ্ছিল তাতে ফ্রান্স দলকে নিয়ে অপমাজনক ও বর্ণবাদী ভাষা ছিল। ভিডিওতে দলটির অধিনায়ক লিওনেল মেসি না থাকলেও তাকে ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়াকেও ক্ষমা চাইতে বলেছিলেন গারো। এরপরই তাঁকে বরখাস্ত করেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই।
সমালোচনা করে গারো বলেছিলেন, ‘জাতীয় দলের অধিনায়কের এ জন্য ক্ষমা চাওয়া উচিত। এএফএ সভাপতিরও ক্ষমা চাওয়া উচিত। আমার মনে হয় এটা ঠিক না। এটা আমাদের গৌরবান্বিত দেশকে বাজে পরিস্থিতিতে ফেলেছে।’ গারোর এই মন্তব্য ভালোভাবে নেননি আর্জেন্টিনার প্রেসিডেন্ট মিলেই।
এমন মন্তব্যের কারণে এরপর আর্জেন্টিনা সরকারের অফিশিয়াল এক্স অ্যাকাউন্ট থেকে ঘোষণা দেওয়া হয় গারোকে বরখাস্ত করার। সেই পোস্টে লেখা হয়, ‘প্রেসিডেন্ট অফিস জানাচ্ছে যে বিশ্ব চ্যাম্পিয়ন, টানা দুবার কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় দল কিংবা কোনো নাগরিক কী ভাববে, কী করবে, সেটা কোনো সরকার বলতে পারে না। এ কারণে জুলিও গারো আর্জেন্টিনার আন্ডার সেক্রেটারি অব স্পোর্টসের দায়িত্বে আর থাকছেন না।’
বরখাস্ত হওয়ার পর এক্সে করা পোস্টে গারো দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমার কথা যদি কাউকে আঘাত করে, তাহলে দুঃখিত। এটা আমার উদ্দেশ্য ছিল না। তবে আমি সব সময়ই যেকোনো ধরনের বর্ণবাদের বিরুদ্ধে থাকব।’