কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে চোট পেয়ে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। এরপর থেকেই মাঠের বাইরে আছেন তিনি। খেলা হয়নি ইন্টার মায়ামির হয়েও। এবার জানা গেল বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন দুই ম্যাচেও খেলা হচ্ছে না তার। ওই দুই ম্যাচের জন্য ২৮ সদস্যের দল বেছে নিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, সেখানে রাখা হয়নি মেসিকে।
আগামী মাসে প্রস্তুতি ম্যাচ দুটি আর্জেন্টিনা খেলবে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে। এই দুই ম্যাচের জন্য প্রথমবারের মতো আর্জেন্টিনার দলে ডাক পেয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদ কোচ দিয়েগো সিমিওনের ছেলে জিউলিয়ানো সিমিওনে।
কোপা আমেরিকার পর বিশ্বকাপ বাছাইয়েও দলে জায়গা হয়নি পাওলো দিবালার। একইভাবে স্কোয়াডে জায়গা হয়নি মার্কোস আকুনিয়া ও গোলরক্ষক ফ্রাঙ্কো আরমানিরও।
আগামী ৬ সেপ্টেম্বর ঘরের মাঠে চিলি ও ১১ সেপ্টেম্বর কলম্বিয়ার মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে ৬ ম্যাচ পর ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনার ২৮ সদস্যের দল
ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুয়ি, হুয়ান মুসো, এমিলিয়ানো মার্টিনেজ, গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, হেরমান পেৎসেয়া, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো, ভালেন্তিন বার্কো, লিয়ান্দ্রো পারদেস, গিদো রদ্রিগেস, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, জিওভান্নি লো সেলসো, এজেকিয়েল ফার্নান্দেস, রদ্রিগো দে পল, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, মাতিয়াস সুলে, জিউলিয়ানো সিমিওনে, ভালেন্তিন কারবোনি, হুলিয়ান আলভারেজ, লাওতারো মার্তিনেজ ও ভালেন্তিনো কাস্তেয়ানোস।