চোটে কাটিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। তার প্রত্যাবর্তনের দিন সমর্থকরা দেখেছিলেন জয়ের স্বপ্ন। কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে।
সমর্থকদের মতো ম্যাচ ড্র হওয়ায় হতাশ হয়েছেন মেসিও। যদিও তার হতাশাটা ঠিকঠাক খেলতে না পারার কারণে বেশি। ভেনেজুয়েলার বৃষ্টিতে মাঠে পানি বেশি জমে যাওয়ায় বেগ পেতে হয়েছে খেলোয়াড়দের। মাঠে টানা দুটি পাসও খেলতে পারেনি আর্জেন্টিনা। ম্যাচশেষে এ নিয়েই বেশ আক্ষেপ করেছেন মেসি। মন্তব্য করেছেন ‘কুসিৎত’ খেলা হয়েছে বলেও।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে ম্যাচ শেষে মেসি বলেন, ‘খুব কঠিন ছিল (খেলা)। এতে ম্যাচগুলো খুব কুৎসিত হয়ে যায়। আমরা টানা দুটি পাসও খেলতে পারিনি। দ্বিতীয়ার্ধে ডান প্রান্তে কিছুটা খেলতে পেরেছি। কিন্তু এভাবে খেলা খুব কঠিন। খুব অল্পই খেলা সম্ভব হয়েছে।’
মেসির চেয়ে বেশি হতাশা ঝড়েছে রদ্রিগো ডি পলের কন্ঠে। তিনি বলেন, ‘আমরা ফুটবল খেলতে পারিনি।’
বৃষ্টিতে অতিরিক্ত পানি জমে জলাবদ্ধতা হয়ে যাওয়ায় স্বাভাবিক খেলা বাধাগ্রস্ত হয়। ফলে সুবিধা করতে পারেনি কেউই। মেসি বলেন, ‘আমরা ড্র করেছি, কারণ যা করতে চেয়েছি, মাঠের কারণে সম্ভব হয়নি। প্রস্তুতির বাইরে অন্যভাবে খেলতে হয়েছে। আমরা পেছনে খুব বেশি পাস খেলার ঝুঁকি নিইনি। প্রথমার্ধে পেছনে কিছু পাস খেলেছি, কিন্তু পানিতে আটকে গেছে। পানির মধ্যে যেভাবে খেলা সম্ভব, আমরা সেভাবেই খেলেছি।’
এসবের মাঝে দীর্ঘদিন পর চোট কাটিয়ে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন মেসি। লম্বা বিরতি শেষে ফিরে খুশিও মেসি, ‘(আর্জেন্টিনার হয়ে) আবারও মাঠে নামতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়েছে। ক্লাবের হয়েও অনেক ম্যাচ মিস করেছি। ফিরতে পেরে ভালো লাগছে। আর্জেন্টিনায় খেলাটা মিস করি। তাই ভালো লাগছে।’